টুকরো টুকরো ভাবনা তুলে এনেছিলাম
>বাবাকে নিয়ে এ পর্যন্ত বহু গান হয়েছে। নব্বইয়ের দশকের ব্যান্ড শিল্পীদের মধ্যে জেমসের গাওয়া ‘বাবা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। বাবা দিবস সামনে রেখে গানটির গীতিকবি ও সুরকার এই গানটির স্মৃতিচারণা করেন প্রিন্স মাহমুদ

আমাদের সব ভাই-বোনের সঙ্গে মায়ের সম্পর্কটা ছিল অনানুষ্ঠানিক। বাবা ছিলেন শ্রদ্ধা, ভয়, উৎসাহ, নির্দেশনা ও নির্ভরতার জায়গা। বৈষয়িক হিসাব-নিকাশ ও স্বার্থের টানাপোড়েনের ঊর্ধ্বে সেই জায়গাটা। তাঁর চলে যাওয়ার পরের অনুভূতিগুলো শব্দে বসিয়ে সুরে প্রকাশ করা একরকম অসম্ভব।
‘বাবা’ গানটিতে আমাদের নিয়ে তাঁর ভাবনা ও কিছু স্মৃতি দিয়ে শুরু করি। সকালে তাঁর কোরআন তিলাওয়াত, ঘুম থেকে আমাদের জাগিয়ে দেওয়া, বাসার বারান্দায় তাঁর ইজিচেয়ার, চশমা, লাঠি... টুকরো টুকরো ভাবনা তুলে এনেছিলাম। এখনো দুচোখে বন্যা অ্যালবামের জন্য জেমস ভাই ‘মা’ গানটি করেছিলেন। সেটি সবাই পছন্দ করেছিলেন। পরের বছর ‘হারজিৎ’ অ্যালবামের জন্য করলাম ‘বাবা’ গানটি।
গানের কিছু কথা ছিল এমন... ‘চশমাটা তেমনি আছে/ আছে লাঠি ও পাঞ্জাবি তোমার/ ইজিচেয়ারটাও আছে/ নেই সেখানে অলস দেহ শুধু তোমার/ আজানের ধ্বনি আজ শুনি/ ভাঙাবে না ভোরে ঘুম জানি/ শুধু শুনি না তোমার সেই দরাজ কণ্ঠে পড়া/ পবিত্র কোরানের বাণী।’