টেইলর সুইফটের পাণিপ্রার্থী ক্যালভিন হ্যারিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেইলর সুইফট ও ক্যালভিন হ্যারিস
টেইলর সুইফট ও ক্যালভিন হ্যারিস

টেইলর সুইফটের ‘লাভ স্টোরি’ লিখতে বসলে কলমে পর্যাপ্ত কালি থাকা চাই। কারণ এটি বেশ দীর্ঘ। এই মার্কিন গায়িকার জীবনে অনেকেই এসেছেন আবার চলেও গেছেন। কেউই খুব বেশি দিন টিকতে পারেননি। আর বিয়ে? সে তো যোজন যোজন দূরের কথা। তবে টেইলর সুইফটের বর্তমান প্রেমিক স্কটিশ সংগীতকার ক্যালভিন হ্যারিস যেন বেশ ‘সাহস’ করেই গাঁটছড়া বাঁধার কথা বলতে চাইছেন টেইলরকে। অন্তত শোনা যাচ্ছে তেমনটাই।

বিয়ে নিয়ে বাবা-মার সঙ্গে ক্যালভিন কথা বলেছেন জানিয়ে তাঁর বন্ধুরা বলেছেন, ‘টেইলরকে বিয়ে করার সম্ভাবনা নিয়ে বাবা-মার সঙ্গে আলোচনা করেছেন ক্যালভিন। যদিও এখনো এর অনেক দেরি আছে। তবে তাঁর দলের কেউই অবাক হবেন না, যদি টেইলরের সামনে এক হাঁটুতে ভর করে দাঁড়ান তিনি!’

ক্যালভিনের বন্ধুরা জানিয়েছেন, টেইলর ও কেলভিনের সম্পর্কটা বেশ মজবুত বলেই মনে হচ্ছে তাঁদের। একে অপরের সঙ্গটাও বেশ উপভোগ করছেন তাঁরা। বড়দিনের সময়টাতে বেশ কয়েক সপ্তাহ তাঁরা বেশ আনন্দেই কাটিয়েছেন।
এদিকে সুইফট-ক্যালভিন দুজনেই নাকি বাগদানের আংটির খোঁজে আছেন। এটা তো আসন্ন বাগদানেরই ইঙ্গিত বহন করে! মিড-ডে।