ডাউনলোড করবেন না, প্লিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃকের অ্যালবামের মোড়ক উন্মোচনে শিল্পীরা
দৃকের অ্যালবামের মোড়ক উন্মোচনে শিল্পীরা

তরুণ-তরুণীদের ভিড়ে দমবন্ধ অবস্থা। এরই মধ্যে রক্ত হিম করা চিৎকার করে উঠলেন এক তরুণী। ভিড়ের ভেতর কোনো তরুণীর চিৎকার ভীতিকর ব্যাপার। ওই চিৎকার অনুবাদ করে বোঝা গেল সেটা অন্য কিছু। তাঁর প্রিয় শিল্পী মঞ্চে উঠেছেন, তাই এই আনন্দধ্বনি।
গত শুক্রবার বিকেলে ধানমন্ডির রাশিয়ান বিজ্ঞান ও সংস্কৃতিকেন্দ্র মিলনায়তনের কনসার্টে পা ফেলার জায়গা ছিল না। তরুণদের প্রিয় ব্যান্ড দৃকের প্রথম অ্যালবামের মোড়ক খোলা হবে। সেই উপলক্ষে কনসার্ট। গাইবে নতুন প্রজন্মের একগুচ্ছ ব্যান্ড। এত দিন মুক্ত কনসার্ট, টেলিভিশন, রেডিও আর ইন্টারনেটে যে দৃকের গান শোন যেত, তাদের জনপ্রিয় গানগুলো এবার সিডিতে পাওয়া যাবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ গানটির রক ভার্সন গেয়ে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে এই ব্যান্ড। তাদের প্রথম অ্যালবামের নামও দৃক। সেটার মোড়ক খুলতে এসেছিলেন বামবার প্রেসিডেন্ট ও জনপ্রিয় ব্যান্ড মাইলসের সদস্য হামিন আহমেদ। ছিলেন ফিডব্যাকের ফোয়াদ নাসের বাবু, প্রমিথিউসের বিপ্লবসহ আরও অনেকে।
নতুন অ্যালবাম নিয়ে দলটির থেকে বেশি উচ্ছ্বসিত ছিলেন তাদের উপস্থিত ভক্তরা। থেকে থেকে করতালির বানে ভেসে যাচ্ছিল মিলনায়তন।
ব্যান্ডটিকে প্রথম অ্যালবাম প্রকাশের শুভেচ্ছা জানাতে এসেছিল অন্য ব্যান্ডগুলো। বেশ কয়েকটি গানও গেয়েছে মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে আসা আর্বোভাইরাস, ইকোস, পাওয়ারসার্জ, মেকানিকস, ওনড, পরাহ, ডিফাই ও ওয়ারসাইট।
উপস্থিত সব অতিথির কণ্ঠে একটাই অনুরোধ, বহু কষ্টের অ্যালবাম এটি। ডাউনলোড করবেন না, প্লিজ। অ্যালবামটি কিনবেন। কারণ অ্যালবাম বিক্রির অর্থ ব্যয় হবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে। অনলাইন শপ ‘মল বিডি’ থেকে কেনা যাবে অ্যালবামটি।