ডায়ানার বাস্তবতায় বিবার!

পাপারাজ্জিদের কারণে অতিষ্ঠ প্রিন্সেস ডায়ানার জীবনাবসান ঘটেছিল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। ডায়ানার এহেন অবস্থার সঙ্গে নিজের তুলনা করলেন কানাডীয় পপ গায়ক জাস্টিন বিবার।
সম্প্রতি এক সড়ক দুর্ঘটনার কবলে পড়ার পর টুইটার বার্তায় তিনি দাবি করেন, পাপারাজ্জিদের কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে।
প্যারিসে পাপারাজ্জিদের বহনকারী গাড়ির সঙ্গে প্রিন্সেস ডায়ানাকে বহনকারী গাড়ির সংঘর্ষে ১৯৯৭ সালে নিহত হন প্রিন্সেস ডায়ানা। তাঁর ওই অকালমৃত্যু থেকে পাপারাজ্জিদের শিক্ষা নিতে বলেছেন বিবার।
এ প্রসঙ্গে পাপারাজ্জিদের উদ্দেশ করে বিবার তাঁর টুইটার বার্তায় লেখেন, ‘সম্প্রতি আমি যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তার বিরুদ্ধে অবশ্যই আইন থাকা প্রয়োজন। প্রিন্সেস ডায়ানার মৃত্যু থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত। পাপারাজ্জিদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। কিন্তু তাঁরা যখন অসংযত আচরণ করেন, তখন আমাদের জীবন হুমকির মুখে পড়ে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘পিপল’ ম্যাগাজিন।
এদিকে, জানা গেছে, দুর্ঘটনার জন্য বিবারের দোষটাই নাকি বেশি ছিল। সম্প্রতি ওয়েস্ট হলিউডে নিজের লাল ফেরারি গাড়ি চালাচ্ছিলেন বিবার। তাঁর গাড়ির পেছনে আরেকটি গাড়ি নিয়ে ছুটছিলেন একজন আলোকচিত্রী। বিবারের গাড়ি হঠাত্ ব্রেক করায় পেছনে থাকা গাড়িটি গিয়ে ধাক্কা দেয় বিবারের গাড়ির পেছন দিকে। এতে বিবারের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। অবশ্য এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।