ডিজিটালি প্রকাশিত হয়েছে 'গোধূলিবেলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গোধূলিবেলা’ অ্যালবামের মোড়ক খোলার আয়োজনে সৈয়দ আব্দুল হাদী, সমরজিৎ, শেখ সাদী খান ও কুমার বিশ্বজিৎ
‘গোধূলিবেলা’ অ্যালবামের মোড়ক খোলার আয়োজনে সৈয়দ আব্দুল হাদী, সমরজিৎ, শেখ সাদী খান ও কুমার বিশ্বজিৎ

প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী সমরজিৎ রায়ের নতুন একক গানের অ্যালবাম ‘গোধূলিবেলা’ এর ডিজিটাল সংস্করণ। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় ছিল অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান। তাতে ‘গোধূলিবেলা’ অ্যালবামের একটি বিশেষ সংস্করণের মোড়ক খুলেছেন সুরকার ও সংগীতপরিচালক শেখ সাদী খান।
দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত সমরজিৎ রায়ের নতুন এই অ্যালবামে মোট গান রয়েছে আটটি। ‘তোমার কাছে’ শিরোনামে একটি দ্বৈত গানে সমরজিতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতীয় কণ্ঠশিল্পী অন্বেষা। অ্যালবামটিতে রয়েছে মৃণাল চক্রবর্তী, পুলক বন্দ্যোপাধ্যায়, বটকৃষ্ণ দে, জি কে দত্ত, অজয় দাস ও সমরজিতের লেখা ও সুর করা গান। গানগুলোর সংগীতায়োজন করেছেন রকেট মণ্ডল। দ্বৈত গানটির পুনঃ সংগীতায়োজন করেছেন জে কে মজলিশ।
গোধূলিবেলা অ্যালবাম নিয়ে আশাবাদী সমরজিৎ। তিনি বলেন, ‘যাঁরা পুরোনো দিনের গান পছন্দ করেন, তাঁদের মনের খোরাক জোগাবে গানগুলো। ষাটের দশকের গানের প্রতিচ্ছবি মিলবে নতুন এ গানগুলোয়। এগুলো তৈরি করতে গিয়ে বেশ কয়েকজন গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি।’ অ্যালবামের মোড়ক খোলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ আব্দুল হাদী, কুমার বিশ্বজিৎ, মেহের আফরোজ শাওন, মৌটুসী, অনুপমা মুক্তি, অভিনেতা শামীম জামান প্রমুখ। ‘গোধূলিবেলা’ বাংলাদেশে সমরজিতের তৃতীয় একক গানের অ্যালবাম। এর আগে তাঁর গাওয়া অন্য বাংলা গানের অ্যালবামগুলো হলো ‘অচেনা একটা দিন’, ‘এক চিলতে রোদ’ ও রবীন্দ্রসংগীতের দ্বৈত অ্যালবাম ‘রবিরঞ্জনী’।
বাংলাদেশের ছেলে সমরজিৎ রায় ভারত সরকারের বৃত্তি নিয়ে দিল্লির গান্ধর্ব মহাবিদ্যালয়ে শাস্ত্রীয় সংগীতে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পরে গান্ধর্ব মহাবিদ্যালয়ে তিনি প্রায় ১১ বছর শাস্ত্রীয় সংগীত বিষয়ে শিক্ষকতা করেন। নতুন অ্যালবামের ‘ভুলে যেতে বোলো না, ‘সুনয়নী’, ‘তোমার কাছে’, ‘নীলিমা’, ‘পথ চেয়ে থাকি’, ‘অভিমান’, ‘সেদিন আমার’ ও ‘গোধূলিবেলা’ গানগুলো শোনা যাবে বাংলা ঢোল অ্যাপস ওয়াপ, বাংলা ঢোল ডটকম ও ৪৬৪৬ নম্বরে ডায়াল করে। নির্মিত হয়েছে অ্যালবামের ‘তোমার কাছে’ গানটির ভিডিও। এটি পরিচালনা করেছেন করেছেন ইয়ামিন এলান।