ডিলানের লেখা বই কেনার হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহস্পতিবার সন্ধ্যায় লাস ভেগাসের দ্য চেলসি থিয়েটারের বাইরে বব ডিলানের গান শুনতে দর্শক–শ্রোতাদের ভিড়
বৃহস্পতিবার সন্ধ্যায় লাস ভেগাসের দ্য চেলসি থিয়েটারের বাইরে বব ডিলানের গান শুনতে দর্শক–শ্রোতাদের ভিড়

সাহিত্যে নোবেল জয়ের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে লেখক বব ডিলানের কদর বেড়ে গেছে। গত বৃহস্পতিবার এ খবর প্রকাশের পর থেকে অনলাইনে বব ডিলানের লেখা বই কেনার ধুম পড়েছে। অনলাইন শপিং ওয়েবসাইট আমাজন ডটকম জানিয়েছে, বব ডিলানের লেখা বইগুলোর স্টক এক দিনেই শেষ হয়ে গেছে।
গতকাল শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে আমাজনের পক্ষ থেকে জানানো হয়, বব ডিলানের লেখা দুটো বইয়ের চাহিদা রাতারাতি বেড়ে গেছে। ডিলানের লেখা স্মৃতিচারণামূলক বই ক্রনিকালস: ভলিউম ওয়ান এত দিন বিক্রির হিসাবে ছিল আমাজনের ১৫ হাজার ৬৯০তম স্থানে। কিন্তু তাঁর নোবেল জয়ের ঘোষণার পরপরই বইটির বিক্রি বেড়ে যায় এবং এটি চলে আসে ২৭৮ নম্বর অবস্থানে। এমনকি বৃহস্পতিবার রাতে আমাজনের কাছে থাকা বইয়ের সব কপি শেষ হয়ে গেছে।
বব ডিলানের গানের কথা–সংবলিত বইয়ের কদরও পাঠকদের মধ্যে বেড়ে গেছে। তাঁর দ্য লিরিকস: ১৯৬১-২০১২ নামের বইটি আমাজনের ৭৩ হাজার ৫৪৩তম অবস্থান থেকে ২০৯ নম্বর অবস্থানে চলে এসেছে।
তা ছাড়া আমাজনে বিক্রি বেড়েছে বব ডিলানের গানের অ্যালবামগুলোর। তবে আমাজনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে বব ডিলানের লেখা বইয়ের কাটতিই বেশি। বিলবোর্ড।