ড্রোন দিয়ে আড়ি পাতেন ওজি অসবর্ন!

হেভি মেটাল বা রক সংগীতশিল্পীদের নানা রকমের বিচিত্র শখ থাকে বটে। কিন্তু সেই সব শখের পাশাপাশি যে এমন অদ্ভুত বাতিকও থাকে; তা ‘ব্ল্যাক সাবাথ’ তারকা ওজি অসবর্নের বিষয়টি না জানলে আন্দাজ করাই কঠিন হতো। সম্প্রতি হেভি মেটাল সংগীতের কিংবদন্তি এই গায়কের এক অদ্ভুত বাতিক সম্পর্কে জানা গেছে। ওজি অসবর্ন নাকি তাঁর প্রতিবেশীদের ওপর নজরদারি করতে ড্রোন ব্যবহার করেন।
হেভি মেটাল গান বা রক সংগীতের ভক্তমাত্রই ‘আয়রনম্যান’ বা ‘প্যারানয়েড’ গানদুটি শুনেছেন। গানগুলি ‘ব্ল্যাক সাবাথ’ হেভি মেটাল ব্যান্ডের। আর এই ব্যান্ডেরই জনপ্রিয় (ভোকালিস্ট) কণ্ঠশিল্পী ওজি অসবর্ন। কিন্তু যুক্তরাজ্যের ৬৬ বছর বয়সী এই জনপ্রিয় সংগীতশিল্পী এবং তাঁর স্ত্রী দুজনেই নাকি তাঁদের প্রতিবেশীদের ওপর নজরদারি বা গোয়েন্দাগিরি করতে ভালোবাসেন। তাও আবার সর্বাধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে।
এ প্রসঙ্গে ওজি অসবর্নের স্ত্রী শ্যারন অসবর্ন জানিয়েছেন, ওজির একটি ড্রোন আছে, আর আমরা এ ড্রোনটি দিয়ে আমাদের প্রতিবেশীদের বাগানের ওপর থেকে আড়ি পাতি, দেখি তাঁদের কর্মকাণ্ড।
ড্রোন উড়িয়ে প্রতিবেশীর বাড়ি ও বাগানের ওপর আড়ি পাতার বিষয়টি শুনে অনেকেই হয়তো ভ্রু কুঁচকাবেন, অনেকে বিরক্ত বা ক্ষুব্ধও হতে পারেন। কিন্তু বিষয়টি নিয়ে শ্যারনের তেমন কোনো অসৎ উদ্দেশ্য নেই বলেই তিনি জানিয়েছেন। স্রেফ খেয়াল, কিংবা ইচ্ছা; অনেকটা এমনই ছিল তাঁর বক্তব্য।
অবশ্য, এ বিষয় নিয়ে খানিকটা নিজের সাফাইও গেয়েছেন শ্যারন। বলেছেন, তাঁকে যদি প্রশ্ন করা হয় তিনি উত্তর দেবেন। জানিয়েছেন, এর মাধ্যমে কারও অসম্মান কিংবা কাউকে হেয় করার কোনো ইচ্ছা তাঁদের নেই।
এত কিছুর পরও যদি ড্রোন দিয়ে আড়ি পাতার এমন ব্যাখ্যা আসে। সে ক্ষেত্রে একে বাতিক ছাড়া আর কিবা বলা যেতে পারে! কন্ট্যাক্ট মিউজিক। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।