ঢাকা থেকে অনুপমের 'বাক্যবাগীশ'

প্রথমবারের মতো বাংলাদেশ থেকে প্রকাশিত হলো কলকাতার জনপ্রিয় গায়ক অনুপম রায়ের গানের অ্যালবাম ‘বাক্যবাগীশ’। আসছে ঈদ ও পূজাকে সামনে রেখে অনুপমের এ একক অ্যালবামটি প্রকাশ করেছে জিরোনা বাংলাদেশ। একই সঙ্গে কলকাতায় অ্যালবামটি প্রকাশ করেছে জিরোনা এন্টারটেইনমেন্ট।
অ্যালবাম প্রসঙ্গে অনুপম রায়ের সঙ্গে যোগাযোগ করলে প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে আমার অনেক ভক্ত-শ্রোতা আছেন। এ দেশের মানুষ আমার গান খুব পছন্দ করেন। বাংলাদেশে আমি বেশ কয়েকবার যাওয়া-আসার কারণে বিষয়টি ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। তখন থেকেই ইচ্ছে ছিল—দুই বাংলা মিলে একটি অ্যালবাম প্রকাশের। এবার তা হওয়ায় আমি খুব আনন্দিত! আশা করি, অ্যালবামটি সবার ভালো লাগবে।’
‘বাক্যবাগীশ’ অ্যালবামের গানগুলো অনুপম রায় তাঁর নিজস্ব ঢঙে করেছেন। বললেন, ‘অ্যালবামের গানগুলোও আমার নিজস্ব ঢঙে তৈরি করেছি। গানের কথা, সুর, সংগীতায়োজন—সবকিছুতে নতুনত্ব আনার চেষ্টা করেছি।’
জিরোনা বাংলাদেশ জানিয়েছে, বিশ্বের ২৫০টি দেশের ৭৫০টি পোর্টালে গানগুলো পাওয়া যাচ্ছে।
এদিকে সামনের অক্টোবরে আবার ঢাকায় আসছেন কলকাতার জনপ্রিয় শিল্পী অনুপম রায়। দেশ টিভির ঈদের অনুষ্ঠানে গান করবেন বলেই প্রথম আলোকে জানিয়েছেন তিনি।
‘বাক্যবাগীশ’ অ্যালবামটিতে মোট গান রয়েছে আটটি। বরাবরের মতো এবারও সব গানের কথা ও সুর করেছেন অনুপম নিজেই। সংগীতায়োজন এবং বাজানোতে তাঁর সঙ্গে ছিলেন ‘দ্য অনুপম রায় ব্যান্ড’-এর সদস্যরা। গানগুলোর শিরোনাম ‘চাকা’, ‘যে সমাজে’, ‘বাবু রে’, ‘বাক্যবাগীশ’, ‘ঘরকুনো ঘাস’, ‘মাটির রং’, ‘দেশলাই বাক্স’ এবং ‘রাজপ্রাসাদের বন্দী’।