ঢাকা থেকে রূপঙ্করের 'বেঁচে থাকার জন্যে...'

প্রথমবারের মতো বাংলাদেশ থেকে প্রকাশ পেল ভারতের সংগীতশিল্পী রূপঙ্করের গানের একক অ্যালবাম। ঈদ ও পূজা সামনে রেখে বেঁচে থাকার জন্যে... শিরোনামের এই অ্যালবামটি প্রকাশ করেছে জিরোনা বাংলাদেশ। একই সঙ্গে কলকাতায় অ্যালবামটি প্রকাশ করেছে জিরোনা এন্টারটেইনমেন্ট।
বেঁচে থাকার জন্যে ... অ্যালবামটিতে গান রয়েছে মোট সাতটি। এর মধ্যে ছয়টি গান রূপঙ্করের একক। ‘এক জোনাকী, দুই জোনাকী’ গানটিতে তাঁর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জিসান জাফরিন। গাওয়ার পাশাপাশি অ্যালবামের সবগুলো গানের সুর করেছেন রূপঙ্কর নিজেই। বেঁচে থাকার জন্যে ... অ্যালবামের সবগুলো গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল আর সংগীতায়োজন করেছেন ইন্দ্রজিৎ দে। গানগুলোর রেকর্ডিং হয়েছে কলকাতার প্রসাদ স্টুডিও এবং স্টুডিও ভাইব্রেশন্স-এ।
বেঁচে থাকার জন্যে... অ্যালবামের গানগুলো হচ্ছে ‘এক জোনাকী, দুই জোনাকী’, ‘মান-অভিমান শুরু’, ‘এত ভেবো না তো’, ‘দারুণ ভালো আছি’, ‘বেঁচে থাকার জন্যে...’, ‘কষ্ট নেই’ এবং ‘সোনার হরিণ’।
অ্যালবাম প্রসঙ্গে রূপঙ্কর বলেন, ‘বাংলাদেশ এবং ভারত আলাদা থাকলেও দুই দেশের মধ্যে গভীর এক সম্পর্ক আছে। সেই ভালোবাসা থেকেই এক দেশের গীতিকার এবং আরেক দেশের শিল্পী-সুরকারের এই যৌথ প্রয়াস। আমার বিশ্বাস, দুই বাংলার শ্রোতারাই গানগুলো পছন্দ করবেন।’
অ্যালবামটির গীতিকার জুলফিকার রাসেলের প্রশংসায় পঞ্চমুখ রূপঙ্কর। বললেন, ‘বাংলাদেশ ও ভারতে এই প্রজন্মের বাংলা গান যাঁরা লেখেন, তাঁদের মধ্যে রাসেল অন্যতম। ওর গান সুর করতে খুব সহজ লাগে। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে সব সময়ই জটিল কথা, জটিল ধাঁধার মাঝে ঘোরাফেরা করি। কিন্তু রাসেল যেটা লেখে, সেটা খুব সরাসরি, সহজ এবং সরল; কিন্তু কাব্যময়। একটা বার্তা অবশ্যই থাকে।’
প্রযোজনা প্রতিষ্ঠান জিরোনা বাংলাদেশ জানিয়েছে, সিডির পাশাপাশি বিশ্বের ২৫০টি দেশের ৭৫০টি পোর্টালে গানগুলো পাওয়া যাচ্ছে। জাতিস্মর চলচ্চিত্রে ‘এ তুমি কেমন তুমি’ গানটির জন্য সম্প্রতি সেরা সংগীতশিল্পী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রূপঙ্কর।