ঢাকা মাতাবেন রুনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরীর গুলশান ক্লাবে রুনা লায়লার সংগীতজীবনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ‘সেলিব্রেশন অব মিউজিক’ কনসার্টের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রুনা লায়লা। ছবি হাসান রাজা
নগরীর গুলশান ক্লাবে রুনা লায়লার সংগীতজীবনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ‘সেলিব্রেশন অব মিউজিক’ কনসার্টের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রুনা লায়লা। ছবি হাসান রাজা

বাংলা, হিন্দি ও উর্দু ছবিসহ দেশে ও দেশের বাইরে অনেক অনুষ্ঠানেই গান গেয়েছেন রুনা লায়লা। বিশ্বের অনেক বড় মঞ্চেও গান গাওয়ার অভিজ্ঞতা আছে। কাল শুক্রবার গাইবেন ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। এর আগেও এই মঞ্চে অনেকবার গান গেয়েছেন তিনি। তবে এবারের গান গাওয়ার ব্যাপারটি তাঁর কাছে একেবারে অন্য রকম। কারণ এই শিল্পীর সংগীতজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। 
সেলিব্রেশন অব মিউজিক আয়োজন করেছে এনটাউরেজ এন্টারটেইনমেন্ট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সন্ধ্যা সাতটায় শুরু হওয়া অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আরটিভি। 
এ ব্যাপারে রুনা লায়লা বললেন, ‘সংগীতজীবনের ৫০ বছর পার করছি। আমার জীবনের একটা মাইলস্টোন যেন সবার সঙ্গে ভাগাভাগি করতে পারি, সে জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের। অনেক বেশি ভালো লাগছে।’ 
সেলিব্রেশন অব মিউজিক নামের এই অনুষ্ঠানে রুনা লায়লার সঙ্গে আরও গান গাইবেন বলিউডের অভিনেতা ও গায়ক ফাওয়াদ খান এবং সংগীতশিল্পী কৃষ্ণ কুমার কুন্নাথ (কেকে)। অনুষ্ঠানটি সম্পর্কে জানাতে আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রুনা লায়লা, কেকে, আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, অনুষ্ঠানপ্রধান দেওয়ান শামসুর রাকিব ও আয়োজক প্রতিষ্ঠানের পক্ষে সামরীন ইসলাম। 

সংবাদ সম্মেলনে কেকে বলেন, ‘রুনা লায়লা শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশের প্রখ্যাত শিল্পী। তাঁর সঙ্গে একই মঞ্চে গাইতে পারাটা আমার জন্য অনেক সৌভাগ্যের। আমি নিজেকে অনেক বেশি সম্মানিত মনে করছি।’
সামরীন ইসলাম বলেন, ‘রুনা লায়লার মতো দেশবরেণ্য শিল্পীকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করার ব্যাপারটি অনেক গৌরবের। আর তা যদি হয় ৫০ বছর পূর্তির অনুষ্ঠান তাহলে তো কথাই নেই। আশা করছি এই অনুষ্ঠান দর্শক-শ্রোতারা অনেক দিন ধরে মনে রাখবেন।’