ঢাকা সফর শেষে মুম্বাই ফিরছেন মিতালী মুখার্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিতালী মুখার্জি
মিতালী মুখার্জি

একদিনের ঝটিকা সংগীত সফর শেষে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মিতালী মুখার্জি। আজ শনিবার দুপুর সোয়া একটার ফ্লাইটে ঢাকা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।

রওনা হওয়ার আগে ঢাকায় বিমানবন্দর থেকে প্রথম আলোকে মিতালী মুখার্জি বলেন, ‘বাংলাদেশে এর আগে অনেকবারই এসেছি। প্রতিবারই কোনো না কোনো সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরে গেছি। কিন্তু এবারের অভিজ্ঞতা যেন আগের সবকিছুকেই ছাড়িয়ে গেছে। এবার ফিরছি এমন এক অভিজ্ঞতা নিয়ে, যা এর আগে কখনোই ঘটেনি। বাবা বেঁচে থাকলে আজ অনেক খুশি হতেন।’

এদিকে মুম্বাইতে রওনা হওয়ার আগে আবারও ঢাকায় ফেরার প্রত্যয় ব্যক্ত করেন মিতালী মুখার্জি।

সিটি ব্যাংক এন এ আয়োজিত ‘গানে গানে গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করতেই ঢাকায় এসেছিলেন জনপ্রিয় গায়িকা মিতালী মুখার্জি। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গান পরিবেশন করেন তিনি।

বেশ কয়েক বছর ধরেই সংগীতজগতের গুণী ব্যক্তিদের সম্মাননা দিয়ে আসছে সিটি ব্যাংক। তারই ধারাবাহিকতায় এবার এ সম্মাননা প্রদান করা হলো সংগীতশিল্পী মিতালী মুখার্জিকে। বিকেল চারটায় শুরু হওয়া এ অনুষ্ঠানে মিতালী মুখার্জির হাতে সম্মাননা স্মারক ও চেক তুলে দেওয়া হয়। এরপর মিতালী মুখার্জি তাঁর গাওয়া জনপ্রিয় সব গান উপস্থিত শ্রোতাদের গেয়ে শোনান।

‘গানে গানে গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। উপস্থিত ছিলেন খ্যাতিমান সংগীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহ, সৈয়দ আবদুল হাদী, চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনসহ সিটিব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন অনুজপ্রতিম মিতালী মুখার্জির শিল্পী হয়ে ওঠার দিনগুলোর স্মৃতিচারণ করেন। গানের ফাঁকে ফাঁকে কথা বলেন মিতালী।