দুই বাংলার জনপ্রিয় শিল্পী কবীর সুমন গান করবেন বাংলাদেশের ছবিতে। প্রথমবারের মতো ঢাকার ছবিতে গান করার আহ্বানে রীতিমতো চোখ ভিজে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের এই শিল্পীর। বাংলাদেশ থেকে নির্মিতব্য ‘প্রীতিলতা’ সিনেমার জন্য তিনি গাইবেন ‘একবার বিদায় দে মা ঘুরে আসি’ গানটি। ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ প্রীতিলতাকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে ছবিটি।
এই ছবিতে গান করা প্রসঙ্গে সুমন বলেন, ‘এ রকম গান তো খুব কম আছে পৃথিবীতে। প্রীতিলতাকে নিয়ে একটি ছবি হচ্ছে, সেখানে আমাকে “একবার বিদায় দে মা ঘুরে আসি” গানটি গাইতে বলায় আমি চমৎকৃত হয়েছি। এটা আমার কাছে বিরাট ব্যাপার মনে হয়েছে। পশ্চিমবঙ্গ এসবের ধারেকাছে নেই। এ রকম ছবি করার সঠিক জায়গা বাংলাদেশ। সেখানে আমি কিছুটা ভূমিকা রাখতে পারলে আনন্দিত হব।’
এমন একটি গানের জন্য বাংলাদেশ থেকে অপরিচিত একজন যুবক স্মরণ করবেন, এটা আমি ভাবতেই পারিনি। আমার চোখে জল এসে যাচ্ছে। যে দেশে থাকি, সে দেশে আমি খুব একটা গ্রহণযোগ্য মানুষ নই, কোনো দিন ছিলামও না। এখানে ঠেকায় না পড়লে আমায় কেউ খুব একটা সুযোগ দেয়নি। যখন দেখে আমাকেই দরকার, তখন আসে। এ ছাড়া কেউ আমার ধারেকাছে আসে না। এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই।
‘একবার বিদায় দে মা’ গানটির গীতিকার ও সুরকার ভারতের বাঁকুড়ার লোককবি পীতাম্বর দাস। তবে কেউ কেউ মনে করেন গানটি মুকুন্দ দাসের। ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুভাষচন্দ্র’ চলচ্চিত্রে প্রথম গানটি ব্যবহার করা হয়। সে সময় সেটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর। এবার পুরুষকণ্ঠে গানটি ধারণ করা প্রসঙ্গে জানতে চাইলে সুমন বলেন, ‘কোনো নারী শিল্পীকে দিয়ে গানটি করানোর প্রস্তাব দিই আমি। এমনকি বিকল্প শিল্পীর কথা ভাবতেও বলি। কিন্তু নির্মাতা ও তার দল সিদ্ধান্তে অনড়। তারা গানটি পুরুষকণ্ঠেই রাখতে চায়।’ কবীর সুমনও শর্ত দেন, ছবিতে গানটি তিনি গাইবেন খালি গলায়।
আবেগাপ্লুত সুমন বলেন, ‘আমাকে এমন একটি গানের জন্য বাংলাদেশ থেকে অপরিচিত একজন যুবক স্মরণ করবেন, এটা আমি ভাবতেই পারিনি। আমার চোখে জল এসে যাচ্ছে। যে দেশে থাকি, সে দেশে আমি খুব একটা গ্রহণযোগ্য মানুষ নই, কোনো দিন ছিলামও না। এখানে ঠেকায় না পড়লে আমায় কেউ খুব একটা সুযোগ দেয়নি। যখন দেখে আমাকেই দরকার, তখন আসে। এ ছাড়া কেউ আমার ধারেকাছে আসে না। এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই।’
ছয় বছর বয়সে সুমন যখন পড়তে শিখেছেন, তখন তিনি হাতে পান ভারতের স্বাধীনতার বিপ্লবীদের নিয়ে ছোটদের উপযোগী একটি বই। সেখান থেকেই তিনি জানতে পারেন ক্ষুদিরাম বসু, সূর্যসেন, কানাই লাল বন্দোপাধ্যায়সহ অনেক বিপ্লবীদের কথা। সেই বইতেই ‘একবার বিদায় দে মা ঘুরে আসি’ গানটি প্রথম পড়েছিলেন কবীর সুমন। পরে একটি সিনেমায় গানটি শুনেছেন। তিনি বলেন, ‘এই গানটা শুধু ভারতের স্বাধীনতার উচ্চারণ নয়। আমার মনে হয় এটা বাংলা গানের একটা নারী। যেমন গানের “মা” কথাটা। তা ছাড়া আম্মা, বাবা, আব্বা, ভাইজান, ভাই, বউ, বিবি শব্দগুলো কবি আল মাহমুদের কবিতায় উচ্চারিত হয়। আল মাহমুদের মতো বাঙালি কবি কি আমাদের মধ্যে আর এসেছে? তাঁর ‘শষ্যের দোহাই’, ‘বিবি’ বা ‘জান’ শব্দগুলোতে তো নারীদেরই কথা। ‘একবার বিদায় দে মা’ও তেমনই বাংলা সুরের নারীর জায়গা। এই গানটা আমার নারীর। ছয় বছর বয়সে যখন গানটির কথা পড়েছি, তখন থেকে গানটা আজও ভেতরে দপদপ করে জ্বলছে।’
তবে গানটিকে রাজনৈতিক মনে করেন না সুমন। তিনি একে বাংলা ভাষার ইতিহাসের গান মনে করেন। এই গান দিয়ে তিনি কাউকে জাগিয়েও তুলতে চান না। সুমন বলেন, ‘ক্ষুদিরাম বসু যে বয়সে মারা যান, সেই বয়সে তাঁর ফাঁসি হওয়ার কথা নয়। তার ফাঁসি হলো। অনেক বড় কবি আর লেখক তখন বেঁচে ছিলেন। কিন্তু আফসোস, কেউ ক্ষুদিরামকে নিয়ে কিছু লিখলেন না।’
‘প্রীতিলতা’ ছবিটির জন্য এখনো শিল্পী নির্বাচনের কাজ চলছে। পয়লা নভেম্বর থেকে ছবির শুটিং শুরু করার কথা রয়েছে বলে জানান নির্মাতা রাশিদ পলাশ। ঢাকা ও চট্টগ্রামের বেশ কিছু জায়গায় ছবিটির শুটিং হবে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী।