ঢাকার জন্য অরিজিতের ৯০ মিনিট

কথা ছিল গত শুক্রবার ঢাকার শ্রোতাদের গান শোনাবেন ভারতের এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। কিন্তু বাদ সাধে শারীরিক অসুস্থতা। ঢাকায় এসে সংগীতপ্রেমীদের কাছে এ জন্য দুঃখপ্রকাশও করেন তিনি। প্রতিশ্রুতি দেন, পরের শুক্রবার অর্থাৎ ১২ ডিসেম্বর ঢাকার শ্রোতাদের গান শোনাতে আসবেন। কথা রেখেছেন অরিজিৎ। আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় ঢাকার প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কে গান গাইবেন তিনি। শ্রোতাদের ৯০ মিনিট মাতিয়ে রাখবেন সুরের মূর্ছনায়। আজ শুক্রবার সকালে জেট এয়ারওয়েজের একটি বিমানে চড়ে ঢাকায় এসে পৌঁছান অরিজিৎ। এ প্রসঙ্গে অরিজিতের মুখপাত্র প্রথম আলোকে বলেন, ‘সাধারণত ওপেন এয়ার কনসার্টগুলোতে অরিজিৎ ৯০ মিনিট গান করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ৯০ মিনিটের এই অনুষ্ঠানে অরিজিৎ তাঁর গাওয়া জনপ্রিয় বাংলা ও হিন্দি গানগুলো শুনিয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখবেন।’
ঢাকার অনুষ্ঠান শেষে অরিজিৎ সিং উড়াল দেবেন মালয়েশিয়ার উদ্দেশে। সেখানকার একটি কনসার্টে গান গাইবার কথা রয়েছে ভারতের এই জনপ্রিয় সংগীতশিল্পীর।