ঢাকায় বসেই গ্রামের স্পর্শ পেলেন মমতাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতাজ
মমতাজ

শুরুতেই বললেন মমতাজ, ‘সব সময় হয় স্টুডিওতে গাই, কিংবা মঞ্চে একসঙ্গে বসে গান করি। কিন্তু এবার গাইলাম অন্যভাবে। আমি ঢাকায় স্টুডিওতে, আর আমার সঙ্গের শিল্পী বাউলেরা আমার নিজের গ্রামে বসে। আমি যেন ঢাকায় বসেই গ্রামের গন্ধ নিতে পারছিলাম।’ এটিএন নিউজে প্রচারিত নিয়মিত অনুষ্ঠান ‘কানেক্টিং বাংলাদেশ’-এর ঈদের বিশেষ পর্ব ‘অন্তর বাজে’ নিয়ে এভাবেই বলছিলেন মমতাজ। অনুষ্ঠানটি একই সময়ে দুটো ভিন্ন স্থান থেকে ধারণ করা হয়েছে। এটিএন নিউজের ঢাকা স্টুডিওতে ছিলেন মমতাজ। আর মমতাজের গ্রাম সিঙ্গাইরের জয়মণ্ডপের বটতলায় ছিলেন তাঁর বাউলসঙ্গী ও স্বজনেরা। দুটো স্থানেই হয়েছে গান, কথা আর অনেক অনেক স্মৃতিচারণা।
‘অন্তর বাজে’ অনুষ্ঠানটির পরিকল্পনা থেকে শুরু করে উপস্থাপনা পর্যন্ত প্রতিটি কাজের সঙ্গে মুন্নী সাহা ছিলেন। মমতাজের সঙ্গে তিনিও ছিলেন ঢাকার স্টুডিওতে। অনুষ্ঠানটি ধারণ করতে গিয়ে নানা ঘটনা ও অভিজ্ঞতার কথা বলেন মুন্নী সাহা। কেমন করে নস্টালজিয়ায় ডুব দিয়েছিলেন মমতাজ, বটতলায় বাউলদের উচ্ছ্বাস দেখে আবেগে চোখ ভিজেছিল তাঁর—সবটাই জানান মুন্নী সাহা।
এটিএন নিউজে এই বিশেষ অনুষ্ঠানটি দেখানো হবে ঈদের দিন রাত সাড়ে নয়টায়।

অনুষ্ঠান ধারণের সময় মুন্নী​ সাহা  ও মমতাজ
অনুষ্ঠান ধারণের সময় মুন্নী​ সাহা ও মমতাজ

‘অন্তর বাজে’র আরও একটি মজার বিষয় হলো এই অনুষ্ঠানেই মমতাজ তাঁর বড় ভাই এবারত হোসেনের সঙ্গে গাইলেন। বটতলায় উপস্থিত বাউল ও ঢাকায় বসা মুন্নী সাহার অনুরোধে মমতাজের বড় ভাই ওঠেন মঞ্চে। মমতাজ তাঁর ভাইয়ের এই গান গাওয়া নিয়ে বলেন, ‘তিনি এমনভাবে এর আগে কখনো গাননি। আমরা নিজেদের ঘরোয়া কোনো আয়োজনে কিংবা নিজেরা একসঙ্গে বসলে বিশেষ উপলক্ষে গান করি। কিন্তু ভাইয়ের সঙ্গে এভাবে দুটো ভিন্ন স্থানে বসে একই সুরে গান গাওয়ার এ অনুভূতি সত্যিই আমার জন্য বিশেষ কিছু।’