ঢাকায় 'গানস এন রোজেসে'র বাম্বলফুট

বিশ্বখ্যাত হার্ডরক ব্যান্ড গানস এন রোজেসের সেই রন ‘বাম্বলফুট’ থাল এখন ঢাকায়। ব্যান্ডটির সাবেক গিটারিস্ট তিনি। এবিসি রেডিও এফএম ৮৯.২ ও ‘দ্য রক প্রজেক্ট’-এর যৌথ উদ্যোগে তিনি বাংলাদেশে এসেছেন। আজ বৃহস্পতিবার তিনি এবিসি রেডিওতে ‘গিটার ক্লিনিক’ (গিটার বিষয়ে পরামর্শ) করাবেন এবং অংশ নেবেন এবিসির একটি অনুষ্ঠানে।
বাম্বলফুট ২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত গিটার বাজিয়েছেন গানস এন রোজেসের সঙ্গে। ব্যান্ডটির হয়ে অসংখ্য কনসার্টে অংশ নিয়েছেন তিনি। ২০০৮ সালে প্রকাশিত ব্যান্ডটির ষষ্ঠ স্টুডিও অ্যালবাম চাইনিজ ডেমোক্রেসিতেও তিনি বাজিয়েছেন। বর্তমানে তিনি আর্ট অব এনার্কি ও সন্স অব অ্যাপোলো ব্যান্ডের সঙ্গে আছেন।
বাম্বলফুটকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে এবিসি রেডিওর অনুষ্ঠানপ্রধান এহসানুল হক বলেন, ‘বাম্বলফুটের মতো আন্তর্জাতিক মানের একজন মিউজিশিয়ানকে নিয়ে আসার লক্ষ্য হলো, আমাদের দেশের শিল্পী ও সংগীতপ্রেমীরা যেন তাঁর কাছ থেকে কিছু শেখার সুযোগ পান। তাই এবিসিতে তাঁকে নিয়ে গিটার ক্লিনিকের আয়োজন করা হয়েছে। এখানে বাম্বলফুট নির্বাচিত কয়েকজন মিউজিশিয়ানকে গিটার বিষয়ে টিপস দেবেন, তাঁদের প্রশ্নের জবাব দেবেন, কৌশল শেখাবেন, কথা বলবেন।’ ‘গিটার ক্লিনিক’-এর পর বাম্বলফুট রাত ৯টা থেকে এবিসির স্টুডিও লাইভেও অংশ নেবেন বলে জানান এহসানুল হক।
এখানেই শেষ নয়, আগামীকাল শুক্রবার রাজধানীর রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজিত কনসার্টে শোনা যাবে বাম্বলফুটের গিটার পরিবেশনা। ওউন্ড, কার্নিভাল, মেকানিক্স ব্যান্ডের পরিবেশনাও থাকবে এ কনসার্টে। এই কনসার্টটি উৎসর্গ করা হচ্ছে সদ্য প্রয়াত মেকানিক্স ব্যান্ডের গিটারিস্ট জেহিন আহমেদকে। এই আয়োজন থেকে পাওয়া অর্থ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে দান করা হবে।
কনসার্টে এবিসি রেডিও এফএম ৮৯.২ ও দ্য রক প্রজেক্টের সঙ্গে সহযোগিতায় আছে গেট এম্পড, মিউজিক অ্যাপ ‘গান’ ও বাংলাদেশ ব্যান্ড মিউজিক ফ্যান কমিউনিটি।