ঢালিউডে গাইলেন অদিতি সিং শর্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীত পরিচালক আকাশের সঙ্গে অদিতি
সংগীত পরিচালক আকাশের সঙ্গে অদিতি

বলিউডের ধুম ৩ ছবির ‘ধুম মাচালে’, হিরোইন–এর ‘ম্যায় হিরোইন হু’ বা এজেন্ট বিনোদে–এর ‘রাবতা’ গানগুলোর পেছনের কণ্ঠটি অদিতি সিং শর্মার। এবার তিনি গাইলেন বাংলা গান। ইফতেখার চৌধুরীর বিজলী ছবির ‘উড়ে উড়ে মন’ শিরোনামের দ্বৈত গানে কণ্ঠ দিলেন তিনি। সম্প্রতি মুম্বাইয়ের মিত ব্রাদার্সের স্টুডিওতে গানটি ধারণ করা হয়।
নতুন গানটির ব্যাপারে জানতে অদিতি সিং শর্মার সঙ্গে যোগাযোগ করা হলে মুম্বাই থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘প্রথম বাংলা গান গাইলাম। নতুন অভিজ্ঞতা। অনেক ভালো লেগেছে।’
অদিতির সঙ্গে এই গানে আরও কণ্ঠ দিয়েছেন গানটির সংগীত পরিচালক কলকাতার ছেলে আকাশ। কলকাতা থেকে মুঠোফোনে আকাশ বলেন, ‘সেদিন রাত দুইটার সময় রেকর্ডিংয়ে এসেছিলেন অদিতি। প্রায় দুই ঘণ্টা সময় নিয়ে গানটির ধারণ হয়। রেকর্ডিং শেষ হওয়ার পর স্টুডিওতে বসেই পাঁচ-ছয়বার গানটি শুনেছেন অদিতি।’ গানটি লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়।