তরুণ কবিরের প্রশংসায় ওপারের কবির সুমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবির সুমন
কবির সুমন

‘জন্মকথা’ গান দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন তিতুমীর কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী শাহরুখ কবির। দিনাজপুরের এই তরুণের গান শুনে মুগ্ধতার কথা জানিয়েছেন ভারতের প্রখ্যাত গায়ক কবির সুমন। তিনি তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘অনেক দিন পর একটি আধুনিক বাংলা গান শুনলাম, যেটি শুনে মনে হলো, এটি যাঁরা তৈরি করেছেন তাঁদের এই জাতির ইতিহাসে যায় আসে।’

গত বছরের ১১ ডিসেম্বর এম রেকর্ডসের ব্যানারে ইউটিউবে ‘জন্মকথা’ গানটি প্রকাশিত হয়েছে। কাঞ্চন হীরকের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। এক বন্ধুর মাধ্যমে গানটি শুনেছেন বলে জানান কবির সুমন।

গত মঙ্গলবার বিকেলে প্রথম আলোর সঙ্গে যখন কবির সুমনের কথা হয়, তখন তিনি কলকাতার বাসায়। জানালেন, কয়েক দিন ধরে তাঁর শরীরটা ভালো যাচ্ছে না। তাই বিশ্রামে আছেন।

জানতে চাইলেন ফোন করার কারণ। শাহরুখ কবিরের গাওয়া ‘জন্মকথা’ গানের কথা মনে করিয়ে দিতে কবির সুমন বলেন, ‘খুব চমৎকার একটি গান। খুব সুরে গেয়েছেন তিনি। টিপিক্যাল চার মাত্রা বা আট মাত্রার তালে গানটা নয়। এই গানের তালটা একেবারে আলাদা, যা আমার খুব ভালো লেগেছে। গানটা খুব অর্থবহও।’

‘জন্মকথা’ গানে ইতিহাসের কথা বলা হয়েছে, যা কবির সুমনের ভালো লাগার আরও কারণ। বললেন, ‘গানটি পলাশীর যুদ্ধ থেকে শুরু হয়ে বায়ান্নর ভাষা আন্দোলনে শেষ হয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ। ইতিহাস নিয়ে কাজ করেছেন। অসাধারণ আধুনিক বাংলা গান মনে হয়েছে। সবকিছুরই তো একটা পুর্বপুরুষ থাকতে হবে। শিকড়ের ব্যাপারটি এই গানে ভালোভাবে ছিল। গানটা শুনে আমার কাছে মনে হয়েছে, জোর করে তিনি কিছুই করেননি। তাঁর জন্য আমার অনেক ভালোবাসা ও আদর।’

‘জন্মকথা’ গানের ভিডিওতে স্পর্শিয়া ও শাহরুখ কবির
‘জন্মকথা’ গানের ভিডিওতে স্পর্শিয়া ও শাহরুখ কবির

প্রশংসা করার পাশাপাশি তরুণ শাহরুখ কবিরকে উপদেশও দিয়েছেন কবির সুমন। তাঁর মতে, উচ্চারণের ব্যাপারে তিনি যেন যত্নবান হন। এ ক্ষেত্রে তিনি হেমন্ত মুখোপাধ্যায়, মাহমুদুন্নবী, সুবীর নন্দী, সাবিনা ইয়াসমীনের মতো শিল্পীদের উচ্চারণ অনুসরণ করতে পারেন। এর বাইরেও অবশ্য আরও কেউ কেউ আছেন। আর সারগাম করলে তা যেন স্পষ্টভাবে করেন, না হলে করবেন না।’

প্রথম গান দিয়ে কবির সুমনের মতো গুণীর নজরে আসতে পারাটাকে জীবনের অন্যতম সেরা অর্জন মনে করছেন শিল্পী শাহরুখ কবির। তিনি বলেন, ‘গানের হাতেখড়ি পরিবার থেকেই। তবে আজকে সবাই শিল্পী হিসেবে চিনছেন, আমার গান শুনে ভালো লাগার কথা জানাচ্ছেন, এটা কোনো দিনই সম্ভব হতো না যদি না এম রেকর্ডসের রাফাত খান ভাই পাশে থাকতেন। তিনি আমার পেশাদার গানের অভিভাবক।’

এদিকে প্রিন্স মাহমুদ, পান্থ কানাইসহ বাংলাদেশের আরও অনেকে শাহরুখের ‘জন্মকথা’ গানের প্রশংসা করেছেন। যে গান দেশে ও দেশের বাইরের প্রশংসা কুড়াচ্ছে, গত ছয় মাসে সেই গানের ইউটিউব ভিউ মাত্র ২৫ হাজার ৮০৩। ইউটিউবে গানের ভিউ নিয়ে মতামত কী—জানতে চাইলে শাহরুখ বলেন, ‘গুণীজনেরা আমার গানের প্রশংসা করছেন, এটাই তো বড় ব্যাপার। ওসব ভিউ নিয়ে মাথা ঘামাতে চাইও না।’

‘জন্মকথা’ গানের ভিডিও বানিয়েছেন খাইরুল পাপন। এতে মডেল হয়েছেন স্পর্শিয়া ও শাহরুখ কবির।