১২ থেকে ২২ বছর বয়সী তরুণদের নিয়ে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ইয়াং স্টারের আয়োজন করেছে আরটিভি। এই অনুষ্ঠানের দুই পর্বে অতিথি বিচারক হিসেবে দেখা যাবে রেজওয়ানা চৌধুরী বন্যা ও ফাতেমা তুজ জোহরাকে। সপ্তাহ দেড়েক আগে এই অনুষ্ঠানের দৃশ্যধারণে অংশ নিয়েছেন বলে জানালেন ফাতেমা তুজ জোহরা। অনুষ্ঠানে তরুণদের গাওয়া গান তাঁকে মুগ্ধ করেছে বলেও জানান এই শিল্পী।
বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির এই আয়োজনের প্রচার চলছে বেশ কিছুদিন ধরে। অনুষ্ঠানের প্রযোজক সোহাগ মাসুদ বলেন, এবার বাংলা গানের ভান্ডার সমৃদ্ধ করা পঞ্চকবি—রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও দ্বিজেন্দ্রলাল রায়ের গান দিয়ে তিনটি পর্ব সাজানো হয়েছে। যেখানে দুই পর্বে অতিথি বিচারক হয়েছেন বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা।
আয়োজন প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘রিয়েলিটি শোতে পঞ্চকবির গান নিয়ে বিশেষ পর্বের বিষয়টি আমার অনেক বেশি ভালো লেগেছে। এমন একটি আয়োজনে এসে তরুণদের কণ্ঠে পঞ্চকবির গান শুনতে পেরে ভীষণ আনন্দিত আমি।’
নজরুলসংগীত পর্বে প্রতিযোগীদের গান মুগ্ধ করেছে ফাতেমা তুজ জোহরাকে। তিনি বলেন, ‘খুবই ভালো গায়। প্রতিযোগীদের অনেক সম্ভাবনাময় মনে হয়েছে। তবে প্রতিযোগিতা শেষ হলেও প্রতিযোগীদের পৃষ্ঠপোষকতা দিতে হবে। কী সুন্দর করে কঠিন সব গান সহজেই গেয়েছে। পঞ্চকবির গান গাওয়া এত সহজ নয়। এই আয়োজনের মাধ্যমে ভালো কিছু শিল্পী উঠে আসবে বলে আমার বিশ্বাস।’
আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, প্রতিটি পর্বে অতিথি বিচারকের সঙ্গে এই আয়োজনের প্রধান তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী থাকবেন। কাল বুধবার রাত আটটায় আরটিভিতে রেজওয়ানা চৌধুরী বন্যা ও ফাতেমা তুজ জোহরার এই পর্ব প্রচারিত হবে।
সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শো আরটিভি ছাড়াও আরটিভি প্লাস, আরটিভি রিয়েলিটি শোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে বলে জানান আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব। রিয়েলিটি শো উপস্থাপনায় আছেন ইমতু রাতিশ ও রুহানী সালসাবিল।