জীবনে একবারই বাংলা গানের দুই দিকপাল সন্ধ্যা মুখোপাধ্যায় ও রুনা লায়লার দেখা হয়েছিল। ৮ বছর আগে কলকাতায় তাঁদের প্রথম এবং শেষ দেখা। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের সেই আসরে সন্ধ্যা মুখোপাধ্যায় ও রুনা লায়লাকে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যখন সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, তখন রুনা লায়লা যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। তাঁর এই চলে যাওয়াকে বাংলা গানের অপূরণীয় ক্ষতি বলে জানালেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা।
প্রথম আলোর সঙ্গে গতকাল সন্ধ্যায় আলাপে রুনা লায়লা বলেন, ‘চ্যানেল আই থেকে যখন কলকাতায় আমাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছিল, সেটা তাঁর হাত থেকেই নিয়েছিলাম। তার আগে ভারতের জি বাংলা চ্যানেলে আমি একটি গানের অনুষ্ঠানের বিচারক হয়েছিলাম। সেই অনুষ্ঠানের একটা পর্বে গজল গেয়েছিলাম। চ্যানেল আইয়ের অনুষ্ঠানে তিনি আমাকে বলেছিলেন যে তোমার ফোন নম্বর আমার কাছে থাকলে সেদিন সাথে সাথে ফোন করতাম এত সুন্দর করে গাওয়ার জন্য অভিনন্দন জানাতে। তাঁকে অনেক শিল্পী অনুপ্রেরণা হিসেবেই মানেন। তাঁর জন্য আমার শ্রদ্ধা আর প্রণাম রইল।’
শাস্ত্রীয় সংগীত থেকে চলচ্চিত্রের গান এবং আধুনিক গানের অ্যালবাম মিলিয়ে তাঁর কাজের পরিধি অনেক। ১২ বছর বয়স থেকে তিনি গান গেয়েছেন। সংগীতের পেছনে জীবনের ৭৫টি বছর ব্যয় করেছেন। গানে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটি বহু বছর ধরে বাঙালির মনজুড়ে আছে। একসময় সুচিত্রা সেনের কণ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। ‘এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার’, ‘মধুমালতি’, ‘হয়তো কিছুই নাহি পাব’, ‘তুমি না হয়’, ‘আয় বৃষ্টি ঝেঁপে’, ‘যমুনা কিনারে’সহ অনেক কালজয়ী গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ১৯৭১ সালে ‘জয়জয়ন্তী’ ও ‘নিশিপদ্ম’ ছবিতে গান গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে ভারতের জাতীয় পুরস্কার পেয়েছিলেন সন্ধ্যা। এ ছাড়া ২০১১ সালে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ উপাধিতে সম্মানিত করে।
গতকাল মঙ্গলবার রাত আটটায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। গীতশ্রীর প্রয়াণে বাংলা সংগীত জগতের একটি যুগের অবসান ঘটলো। ‘সপ্তপদী’, ‘পথে হল দেরি’, ‘অগ্নিপরীক্ষা’, ‘দেওয়া নেওয়া’, ‘পিতা-পুত্র’সহ অসংখ্য বাংলা ছবিতে তাঁর গাওয়া গান শ্রোতাদের মুগ্ধ করেছে। হেমন্ত মুখোপাধ্যায় ও সলিল চৌধুরীর সঙ্গে অনেক কালজয়ী গান উপহার দিয়েছেন এই গীতশ্রী। ‘জয় জয়ন্তী’, ‘নিশিপদ্ম’ ছবিতে গান গেয়ে ভারতের জাতীয় পুরস্কার পেয়েছেন। বঙ্গ বিভূষণ সম্মান পেয়েছেন। ১৯৬৬ সালে কবি ও গীতিকার শ্যামল গুপ্তকে বিয়ে করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর গাওয়া অনেক গানের কথা শ্যামল গুপ্তর লেখা।
গত ২৬ জানুয়ারি সন্ধ্যা থেকে অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা। পরের দিন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, ফুসফুসে সংক্রমণ হয়েছিল তাঁর। ঘটনাচক্রে এর দুদিন আগেই রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী প্রত্যাখ্যান করেছিলেন তিনি।