
২০০৩ সাল। একটি ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে গায়ক আকবরের। এর পরই পরিচয় বদলে গেল তাঁর—রিকশাচালক থেকে কণ্ঠশিল্পী। ২০০৩ থেকে ২০১৫। প্রায় এক যুগ সময় পার হয়েছে। বের হয়েছে ছয়টি একক অ্যালবামসহ বেশ কিছু মিশ্র অ্যালবাম। কিন্তু অনেকেই মনে করেন, হারিয়ে গেছেন এই শিল্পী। আসলেই কি তাই? মুঠোফোনে কথা হয় আকবরের সঙ্গে। ‘আমি তো সবার দোয়া নিয়ে ভালো আছি। নিয়মিত মঞ্চে গান গাইছি।’ আকবরের ঠিকানা ঢাকার পীরেরবাগ। পরিবারের সবাইকে নিয়ে এখানেই থাকেন তিনি। নিয়মিত গান গেয়ে যাওয়ার ইচ্ছা তাঁর।

রাস্তাঘাটে ‘টুনির মা’ গান শোনেনি—এমন মানুষ কম আছে। গানটি জনপ্রিয় হলেও শিল্পীকে অনেকেই চেনে না। কথাটি স্বীকারও করলেন ‘টুনির মা’ গেয়ে বিখ্যাত হওয়া শিল্পী প্রমিত। নরসিংদীতে মুঠোফোন যন্ত্রাংশের দোকান ছিল তাঁর। প্রতিদিন নিয়ম করে দোকানে বসতেন। বাবা করতেন কৃষিকাজ। কিন্তু বাবা ভালো গান গাইতেন। কে জানে গানের গলাটা উত্তরাধিকার সূত্রে পাওয়া কি না! বাবার কাছ থেকে পাওয়া গানের গলাই তাঁকে টেনে এনেছে ঢাকা অবধি। শুরুতে ঘুরেছেন প্রযোজনা প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে। অবশেষে ২০০২ সালে বের হয় তাঁর প্রথম অ্যালবাম শোন সংগীতা। তাঁর পঞ্চম অ্যালবামে ‘টুনির মা’ গানটি জনপ্রিয়তা পায়। সেই থেকে শুরু করে এখন পর্যন্ত বেরিয়েছে তাঁর ২৫টি অ্যালবাম। প্রমিত বললেন, ‘এ দেশের চেয়ে আমি বেশি গান করি ভারতের পশ্চিমবঙ্গে। সেখানে আমার অ্যালবামও খুব ভালো চলে। বলতে পারেন দেশের চেয়ে বাইরে আমার ভক্ত বেশি।’

২০০৮ সালের ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসেন কণ্ঠশিল্পী আতিক। প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে আশুলিয়ার একটি পোশাক তৈরির প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেখান থেকেই অংশ নেন প্রতিযোগিতায়। জায়গা করে নেন সেরা চারে। প্রতিযোগিতা শেষে আতিক আবার ফিরে গেছেন আগের প্রতিষ্ঠানে। কাজের পাশাপাশি নিয়মিত মঞ্চে গান করেন এই শিল্পী। বললেন, ‘আসলে আগের পেশায় ফিরে এলেও আমার চিন্তাভাবনা গান নিয়ে। এখানে সেই সুযোগটাও পাচ্ছি। আমাদের প্রতিষ্ঠানের মালিক আমাকে সুযোগ করে দিয়েছেন। এটা আমার অনেক বড় পাওয়া।’
এ রকম ঘাম ঝরানো শিল্পীর তালিকা লম্বা। তিন চাকার তারকা ও পোশাকশ্রমিকদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতা ‘গর্ব’র মাধ্যমে অনেক শ্রমজীবী শিল্পীই পা রেখেছেন গান ও অভিনয়ের ভুবনে। নিজ প্রতিভায় অনেকেই টিকে আছেন। আবার অনেকেই ফিরে গেছেন পুরোনো পেশায়।