তাঁরা এখন সহকর্মী!

সামনে কত যন্ত্রপাতি। হাত ঘোরালেই বেজে উঠছে গান, শুরু হয়ে যাচ্ছে কথা। কিন্তু গিটারে কিংবা ড্রামসে হাত ঘোরানো মানুষগুলো ঠিক বুঝে উঠতে পারছেন না কথা আর গানের হিসাব-নিকাশ। তাঁরা তো গানের মানুষ। বেতার তরঙ্গে শুধু তাঁদের সুরেলা কণ্ঠই ভেসে বেড়ানোর কথা। হঠাৎ কেন গান ফেলে কথায় বাঁক ঘোরালেন? এমন প্রশ্নের জবাব খুঁজতেই ১৮ অক্টোবর বিকেলে সদ্য গানের মানুষ থেকে আরজে হওয়া লিংকন ও রাফার সঙ্গে আড্ডা জমল। তাঁরা বললেন, নতুন দায়িত্ব আর নতুন কাজের কথা।
রক গানের শ্রোতাদের আর্টসেল ব্যান্ডের নাম নতুন করে বলতে হয় না। সেই দলের মানুষ লিংকন। তাই তাঁকেও চেনাতে হয় না নতুন করে। তবে আরজে লিংকনকে এখনো চেনার বাকি অনেক। কথার শুরুতেই জানালেন, তিনি নাকি এই পরিচয়ের সঙ্গে নিজেকে এখনো খাপ খাওয়াতে পারেননি। তাই মাইক্রোফোনের সামনে যেতে ভয় হয় তাঁর। আরজে হিসেবে লিংকন কিছুদিন হলো যাত্রা করেছেন। এবিসি রেডিও এফএম ৮৯.২-এ তাঁকে এখন থেকে শোনা যাবে নিয়মিত। ‘হ্যাংওভার উইথ লিংকন’ নামের শো পাক্ষিকভাবে প্রতি বুধবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত হয়।
অন্যদিকে আরজের চেয়ারে বসে একই অবস্থা গানের মানুষ রাফার। অর্থহীন ব্যান্ডের এই সদস্যের কাছের আরজে পরিচয় একেবারে নতুন। সারা দিন গান নিয়ে পড়ে থাকা মানুষটাকে যখন টানা কয়েক ঘণ্টা কথা বলে যেতেই হয়, তখন নাকি কেমন-কেমন লাগে সব। এভাবেই বলছিলেন রাফা। এরই মধ্যে তিনটি শো করেছেন তিনি। রাফার শোয়ের নাম ‘হটবক্স উইথ রাফা’। তাঁকে শোনা যাবে প্রতি সোমবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত।
যেহেতু আড্ডা জমেছে তাঁদের আরজে হওয়ার সুবাদে, তাই তাঁদের শো নিয়েই জানতে চাওয়া। প্রশ্ন করতে দুজনই বললেন, এখনো তাঁরা নিজেরাই ঠিক করতে পারেননি তাঁদের শোয়ের বিষয়গুলো। তবে এ আড্ডায় যোগ দেওয়া এবিসি রেডিওর সিওও ড্যানিয়াল আফজালুর রাহমান কিছুটা আভাস দিলেন রাফা আর লিংকনের শো নিয়ে। বললেন, ‘যেহেতু তাঁরা দুজনই গানের মানুষ, তাই নিঃসন্দেহে গানের কথা তো থাকবেই। সেই সঙ্গে থাকবে এই দুই শিল্পীর পছন্দের গানগুলো।’
পছন্দের গানের কথা উঠতেই চোখগুলো জ্বলে উঠল লিংকন আর রাফার। এর কারণ জিজ্ঞেস করতেই রাফা বললেন, ‘অবশ্যই আমরা রক গানের অন্ধ ভক্ত। হেভি মেটাল, ডেথ মেটালসহ এ ধরনের যারা আছে, তা আমরা সব সময়ই শুনতে চাই। কিন্তু একটা সময় ছিল রেডিওতে এমন গান শোনার কথা আমরা চিন্তাই করতে পারতাম না। হয় কোনো কনসার্টে গিয়ে শুনতে হতো গান কিংবা নিজ ঘরে দরজা বন্ধ করে বাজাতাম। সেখানে এখন রেডিওতে রাত নয়টার মতো প্রাইম-টাইমে আমরা বাজাব আমাদের পছন্দের গানগুলো। ভাবতেই আনন্দ হয়।’
লিংকন বললেন, ‘পছন্দের ডেথ-মেটাল গান যখন দরজা বন্ধ করে ছাড়তাম, তখনো আম্মা বলতেন, এসব কী বাজাচ্ছি! আমার আম্মা রবীন্দ্রসংগীত গাইতেন, শুনতেন। বাসায় শাস্ত্রীয় সংগীতও বাজত। সেই বাড়ির ছেলে হয়ে এসব কী বাজাচ্ছি, এমন প্রশ্ন সবাই করত। কিন্তু এখন সেই গানগুলোই সবাইকে শোনাতে রেডিওতে এেসছি। এই সুযোগটা আমাদের রক গানের চেহারা বদলে দেবে।’
লিংকন আর রাফা সরাসরি একসঙ্গে বাজিয়েছেন খুব কম। তাঁদের একসঙ্গে একটা প্রজেক্ট ছিল, নাম র্যাভেজার্স। কথায় কথায় দুজনই বললেন, ‘না, আবারও একসঙ্গে সেই প্রজেক্টটা শুরু করতে হবে।’
ঠিকই তো, দুজনই এখন যখন একই স্টেশনের আরজে, অর্থাৎ সহকর্মী, তাহলে গানেই বা কেন আলাদা থাকা। লিংকন আর রাফা দুজনই তাঁদের একসঙ্গে সেই কাজগুলো, সেই কনসার্ট, শো জ্যামিংয়ের স্মৃতিচারণ করতে করতে ঢুকে গেলেন রেডিও এবিসির স্টুডিওতে। আর সেখানে ঢুকতেই স্টুডিও কাঁপতে শুরু করল মেটালিক রিদমে। এমনটাই তো কথা ছিল।