তাঁরাও আছেন বিপিএলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রথম আলোর পাঠকেরা এরই মধ্যে জেনে গেছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ। নতুন খবর হলো, এই গানে তিনি শুধু একা নন, আছেন এ সময়ের আরও তিনজন গায়িকা। তাঁরা হলেন কনা, কোনাল ও লিজা। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন থিম সংয়ের সুরকার ও সংগীত পরিচালক তাসনুভ রহমান। সম্প্রতি স্টুডিও মগ্নতে গানের কণ্ঠ ধারণের কাজ শেষ হয়েছে।
কনা বলেন, ‘ক্রিকেট নিয়ে গান এর আগেও গেয়েছি। এবার গানটির কথা ও সুরে অন্য রকম একটা ব্যাপার আছে।’
কোনাল বলেন, ‘কয়েক বছর ধরেই বাংলাদেশি ক্রিকেটের বেশ কয়েকটি বড় আসরে গান করার সুযোগ হয়েছে। এবারের গানটিও তারই ধারাবাহিকতা বলা যেতে পারে।’
লিজা বলেন, ‘ক্রিকেটের বড় কোনো আসরে এবারই প্রথম গান গেয়েছি। শুরুতে ভেবেছিলাম, গানটি সহজ হবে। কিন্তু না। তবে গাইতে পেরে দারুণ লেগেছে। গানের কথাগুলোও চমৎকার।’
২২ নভেম্বর ঢাকায় শুরু হবে বিপিএলের তৃতীয় আসর। আর ২০ নভেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান। সেদিন শিল্পীরা থিম সংটি পরিবেশন করবেন।
‘এই দেশেতে ষোলো কোটি মানুষই ক্রিকেটমনা/ কে জানে না পৃথিবীতে, আমাদের উন্মাদনা’—এমন কথায় বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেট–ঐতিহ্যকে তুলে ধরে বিপিএলের থিম সংটি লিখেছেন ইশতিয়াক আহমেদ। যৌথভাবে সুর ও সংগীত পরিচালনা করছেন আহমেদ সোহাইল ও তাসনুভ রহমান।