তানজীবের হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানজীব
তানজীব

‘দিল আমার’ ও ‘মেঘমিলন’ এই দুটি গানের মাধ্যমে সবার কাছে পরিচিত তানজীব। তরুণ প্রজন্মের এই গায়ক এবারের ঈদে ছয়টি গান নিয়ে নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন। নাম ‘হৃদমোহিনী’। মিক্স-মাস্টারিং শেষে সম্প্রতি অ্যালবামটি প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে জমাও দিয়ে দিয়েছেন তানজীব। হৃদমোহিনী তানজীবের হ্যাটট্রিক অ্যালবাম।

নতুন এই অ্যালবাম প্রসঙ্গে তানজীব বলেন, ‘গানের প্রতি ভালোবাসা কখন যে আমাকে পুরোপুরিভাবে গানের মানুষ বানিয়ে দিয়েছে বুঝতেই পারিনি। আমি প্রতিনিয়ত শিখছি। সেই শেখার প্রয়াসই হচ্ছে নতুন অ্যালবামের গানগুলো। এই গানগুলোর জন্য আমি প্রচুর পরিশ্রম করেছি। আমার বিশ্বাস, গানগুলো শ্রোতাদের আনন্দ দেবে।’

তানজীব বলেন, ‘আমি খুবই সৌভাগ্যবান যে, প্রথম দুই অ্যালবাম থেকে দুটি গান শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছেন।’

‘হৃদমোহিনী’ অ্যালবামের কথা সুর ও সংগী পরিচালনা করেছেন তানজীব সরোয়োর নিজে। আর সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার, প্রত্যয় খান, আনিক আহমেদ, বিবেক মজুমদার এবং তানজীব সারোয়ার।

তানজীব তাঁর নতুন অ্যালবামের একটি গানের সহশিল্পী হিসেবে পেয়েছেন কনাকে। তানজীব জানান, পপ, আর এন বি, ফোক ফিউশন ঘরানার গান এই অ্যালবামে রাখা হয়েছে। একটি গানের মাধ্যমে শিল্পী তানজীব তাঁর ফেলে আসা ছেলেবেলার স্মৃতি হাতড়ে বেড়িয়েছেন।

গানের পাশাপাশি এখন অনেকে ভিডিওর ব্যাপারেও বেশি মনোযোগি। তানজীবও এর বাইরে নন। নতুন অ্যালবামের একটি গানের ভিডিও ঈদে শ্রোতাদের জন্য উপহার হিসেবে রাখার চিন্তা করেছেন তিনি।


প্রসঙ্গত, ২০১১ সালে প্রকাশিত হয় তানজীবের প্রথম একক গানের অ্যালবাম ‘অন্দর মহল’। বছর তিনেক পর প্রকাশ করেন দ্বিতীয় একক ‘মেঘবরণ’।