তারকায় ভরপুর সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রুনা লায়লা
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রুনা লায়লা

রুনা লায়লা গাইলেন ‘এই বৃষ্টি ভেজা রাতে’ গানটি। এভাবেই শুরু হলো ‘লাক্স–আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০১৫’-এর আয়োজন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি আয়োজন করে তারকাদের পরিশ্রমের স্বীকৃতি প্রদানের এই অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ছাড়া আরটিভির চেয়ারম্যান সাংসদ মোরশেদ আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকসহ উপস্থিত ছিলেন আরটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পঞ্চমবারের মতো আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের শুরুতেই দেওয়া হয় আজীবন সম্মাননা। এ বছর আজীবন সম্মাননা পান নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। আরটিভিতে ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রচারিত সব অনুষ্ঠানের মধ্য থেকে সৃজনশীল নাট্যকার, পরিচালক, অভিনয়, কণ্ঠ, নৃত্যশিল্পীসহ ২৮টি ক্যাটাগরিতে দেওয়া হয় পুরস্কার।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রুনা লায়লা, কুমার বিশ্বজিৎ, তাহসান প্রমুখ। ছিল অপি করিম, তারিন, মিম, মেহ্জাবীন, সজল, মৌসুমী হামিদ, ভাবনা ও চিত্রনায়িকা পরীমনির পরিবেশনা।
অনুষ্ঠানটি বিভিন্ন ধাপে উপস্থাপনা করেন জাহিদ হাসান, রিচি সোলায়মান, মাহফুজ আহমেদ, তারিন ও মারিয়া নূর।