তারা মরে নাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভায়োলা বিচ ব্যান্ডের প্রয়াত সদস্যরা
ভায়োলা বিচ ব্যান্ডের প্রয়াত সদস্যরা

লরেন এখনো শুনতে পান, তাঁর ভাই জ্যাক ড্রামস বাজাচ্ছেন। সেই তালে তালে গাইছেন ভাই জ্যাকের বন্ধু ক্রিস। চোখ বুজে গানগুলো শুনলে লরেনের মনে হয়, রেস্তোরাঁয় বসে ছোট ভাইয়ের গানের দলের পরিবেশনায় বুঁদ হয়ে আছেন তিনি। কিন্তু চোখ খুললেই বুঝতে পারেন, ছেলেগুলো আসলে নেই। বাজছে তাঁদের গানের সিডি। সেই গানের সিডি, যা এখন আছে ইউকে টপ চার্টের শীর্ষে। গড়েছে নতুন ইতিহাস। সেই ইতিহাস এক দিক থেকে কষ্ট দিচ্ছে, অন্য দিক থেকে হয়ে উঠেছে আনন্দের কারণও।

বিশ্ব সংগীতের ইতিহাসে এমন দৃষ্টান্ত নেই। যুক্তরাজ্যের গানের দল ভায়োলা বিচের সব সদস্যই আজ প্রয়াত। গত ফেব্রুয়ারিতে দলের চার সদস্যের সঙ্গে তাঁদের ম্যানেজারও সড়ক দুর্ঘটনায় মারা যান। সুইডেনে একটি কনসার্ট থেকে ফেরার পথে তাঁদের গাড়িটি ব্রিজের রেলিং ভেঙে একটি পুকুরে পড়ে যায়। গাড়ির ভেতরই আটকে থেকে পানিতে ডুবে মারা যান দলের চার সদস্য ক্রিস লিওনার্দ, রিভার রিভস, টমাস লওয়ি, জ্যাক ডাকিন ও দলের ম্যানেজার ক্রেইগ ট্যারি।

তখনো তাঁদের খুব কম মানুষই চিনত। কিন্তু মর্মান্তিক মৃত্যুর পরপরই ভায়োলা বিচের ছেলেগুলো বিশ্ব সংগীতের ইতিহাসে নাম লেখাতে শুরু করেন। কোনো গানের দলের সব সদস্যের মৃত্যুর পর প্রকাশিত হয় তাঁদের সংগীতজীবনের প্রথম অ্যালবাম, এমন দৃষ্টান্ত স্থাপন করে তাঁরা গত মাসে উঠে আসেন খবরের শিরোনামে। আর এ মাসের শুরুতেই নিজেদের প্রথম অ্যালবামের সাফল্য দিয়ে আবারও আলোচনায় উঠে আসে দলটি। দুনিয়া মাতানো তারকা অ্যাডেলের টোয়েন্টিফাইভ, ড্রেকের ভিউস, ক্রিস্টিন অ্যান্ড দ্য কুইনসের সালেয়র হুমাইনি এবং ইএলওর অল ওভার দ্য ওয়ার্ল্ড: দ্য ভেরি বেস্ট অব-এর মতো অ্যালবামগুলোকে পেছনে ফেলে স্বনামে প্রকাশিত ভায়োলা বিচের প্রথম অ্যালবাম টপ চার্টের এক নম্বর স্থানটি অর্জন করে নেয়।

ভায়োলা বিচ নামের অ্যালবামটি প্রকাশিত হয়েছে প্রয়াত ব্যান্ড সদস্যদের পরিবারের প্রচেষ্টায়। জীবদ্দশায় রেকর্ড করা কয়েকটি গান এবং তাঁদের কিছু মঞ্চ পরিবেশনায় ধারণ করা গান নিয়ে তৈরি হয়েছে এই অ্যালবাম। টপ চার্টের দ্বিতীয় অবস্থানে থাকা ইএলও ব্যান্ডের অ্যালবামের চেয়ে ভায়োলা বিচের অ্যালবামটি ছয় হাজার কপি বেশি বিক্রি হয়েছে।

ভায়োলা বিচের প্রথম অ্যালবামের এই সাফল্য এখন ছেলে হারানো পরিবারগুলোয় যেন নতুন এক আশার আলোর জন্ম দিয়েছে। দলের গিটারিস্ট রিভার রিভসের ভাই ফিন বলেন, ‘আমার মনে হয় তাঁরাও এই বিষয়টি জেনে এখন দারুণ খুশি। আমি তাঁদের মুখের সেই হাসিটা দেখতে পাচ্ছি। তাঁদের পরিশ্রম আজ সফল হয়েছে। তাঁদের স্বপ্নটা আজ পূরণ হলো।’ বিবিসি অবলম্বনে