তালিম দিতে দিতেই চলে গেলেন সংগীতশিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খোদা বক্স সানু
খোদা বক্স সানু

সংগীতশিক্ষক খোদা বক্স সানু আর নেই। গান শেখাতে গিয়েই আজ শুক্রবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শিশু একাডেমীতে অচেতন হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খোদা বক্স সানু অভিনয়শিল্পী স্বাগতার বাবা। তাঁর আরও দুই সন্তান হলেন সংগীতশিল্পী সন্ধি ও সভ্যতা।

পরিবার সূত্রে জানা যায়, প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাজধানী ঢাকার শিশু একাডেমীতে শিশুদের প্রথম বর্ষের গানের ক্লাস নিতেন সংগীতশিক্ষক খোদা বক্স সানু। ক্লাস শেষে বাসায় ফিরতেন। রোজকার মতো আজও শিশু একাডেমীতে শিশুদের গান শেখাতে গিয়েছিলেন এই সংগীতশিক্ষক। তবে এবার আর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেননি। গান শেখানোর একপর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শিশু একাডেমীতে অচেতন হয়ে পড়েন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খোদা বক্স সানুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত এ সংগীত শিক্ষকের বড় মেয়ে স্বাগতা বলেন, ‘বাবা সকালে বাসা থেকে বেরিয়ে শিশু একাডেমীতে ক্লাস নিতে যান। ক্লাস শুরুর একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর সহকর্মীরা বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা বাবাকে মৃত ঘোষণা করেন।’

শিশু একাডেমীতে আজ শুক্রবার বাদ জুমা সংগীতশিক্ষক খোদা বক্স সানুর প্রথম জানাজা হয়। এরপর বড় মগবাজারের কাজী অফিসের গলিতে নিজ বাসার সামনে দ্বিতীয় জানাজা শেষে বাদ আসর শাহজাহানপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
প্রয়াত খোদা বক্স সানু বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী ছিলেন। এছাড়া সংগীত পরিচালকও ছিলেন তিনি। শিশু একাডেমীতে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকার সিদ্ধেশ্বরীতে তাঁর নিজেরও একটি গানের স্কুল রয়েছে।

১৯৫৩ সালের ১৯ জানুয়ারি ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন খোদা বক্স সানু। ১৯৮২ সালে তিনি বাংলাদেশে আসেন। বাংলাদেশের সংগীতাঙ্গনে এ সংগীতগুরুর অসংখ্য ছাত্র-ছাত্রী রয়েছে।