তাহসান-ইমরানের 'মন কারিগর' এখন বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী তাহসান ও ইমরানের প্রথম দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’-এর পোস্টার।
সংগীতশিল্পী তাহসান ও ইমরানের প্রথম দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’-এর পোস্টার।

অবশেষে প্রকাশ পেল সংগীতশিল্পী তাহসান ও ইমরানের প্রথম দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’। আজ সোমবার থেকে সারা দেশে সিডি আকারে পাওয়া যাবে অ্যালবামটি। পাশাপাশি জিপি মিউজিক থেকে অ্যালবামের গানগুলো শোনা ও তা ডাউনলোড করা যাবে। এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন তাহসান ও ইমরান।


‘মন কারিগর’ অ্যালবামে দুই শিল্পী তিনটি করে মোট ছয়টি গানে কণ্ঠ দিয়েছেন। সবগুলোরই কথা লিখেছেন রবিউল ইসলাম। সুর ও সংগীতায়োজনে ইমরান।

অ্যালবামে তাহসানের গাওয়া গানগুলোর শিরোনাম ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’ ও ‘ধ্রুবতারা’। আর ইমরান গেয়েছেন ‘শোনো তুমি’, ‘নিশিরাতে’ ও ‘বলো কবে দেখা হবে’। ‘মন কারিগর’ অ্যালবামটি বাজারে এসেছে সিডি চয়েসের ব্যানারে।

অ্যালবাম প্রসঙ্গে তাহসান বলেন, ‘এই অ্যালবামের প্রতিটি গানেই নতুনত্ব আছে। কথা, সুর ও সংগীতায়োজনের সমন্বয়টাও হয়েছে দুর্দান্ত। শ্রোতারা শুনলেই সেটা বুঝতে পারবেন।’

এদিকে ইমরান বলেছেন, ‘আমার অনেক স্বপ্নের অ্যালবাম ‘মন কারিগর’। প্রকাশ পাওয়ায় খুব ভালো লাগছে। আমার বিশ্বাস প্রতিটি গানই শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’

আসছে পয়লা বৈশাখে এই অ্যালবামে তাহসান ও ইমরানের গাওয়া একটি করে গানের মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।