তিন কন্যা এবং কুমার বিশ্বজিৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার বিশ্বজিৎ
কুমার বিশ্বজিৎ

জনপ্রিয় গায়ক ও সংগীতপরিচালক কুমার বিশ্বজিতের সংগীতজীবন দীর্ঘ ও বর্ণাঢ্য। এই দীর্ঘ ‍সংগীতজীবনে তিনি বাংলাদেশের শ্রোতাদের উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান। প্রকাশিত হয়েছে অনেকগুলো একক অ্যালবামও। এবারই প্রথম ভিন্নধর্মী দ্বৈত গানের অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে আসছেন তিনি। সোমবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে তেমনটাই জানালেন কুমার বিশ্বজিৎ।
কিছুদিন আগে গান গাইতে দেশের বাইরে যান কুমার বিশ্বজিৎ। ফিরেছেন ২৭ নভেম্বর। এখন তিনি পুরোপুরি মগ্ন হয়ে আছেন ভিন্নধর্মী দ্বৈত গানের অ্যালবাম নিয়ে। জানালেন, পাশাপাশি দেশে কয়েকটি স্টেজ শো নিয়েও তাঁকে ব্যস্ত থাকতে হবে।
কুমার বিশ্বজিতের দ্বৈত গানের অ্যালবামে সহশিল্পী হিসেবে থাকছেন সামিনা চৌধুরী, ন্যান্‌সি ও কলকাতার শুভ মিতা। শিল্পীদের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে বলেও জানিয়েছেন বিশ্বজিৎ।
দ্বৈত গানের অ্যালবাম নিয়ে তাঁর আগ্রহ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘ইবিএস নামের একটি প্রতিষ্ঠান আমাকে দিয়ে এমন একটি অ্যালবাম তৈরির আগ্রহ প্রকাশ করে। তাঁদের সঙ্গে কথা বলার পর অ্যালবামটি নিয়ে প্রতিষ্ঠানটির চিন্তা-ভাবনা বেশ পছন্দ হয়েছিল। ভাবলাম, নতুন কিছু গান করা হবে। বিষয়টা বেশ ইন্টারেস্টিংও বটে।’
কুমার বিশ্বজিৎ আরও বলেন, ‘আমরা যখন দেশে কিংবা দেশের বাইরে গান গাইতে যাই, তখন দ্বৈত গান নিয়ে একটা অন্যরকম আগ্রহ দেখতে পাই। চলচ্চিত্রের গান ছাড়া সেই অর্থে আমার কোনো দ্বৈত গান নেই। তাই মনে হলো, এর ফলে নতুন গানের পাশাপাশি দ্বৈত গানও গাওয়া যাবে।’

কুমার বিশ্বজিৎ জানিয়েছেন, দ্বৈত গানের এ অ্যালবামটির সবগুলোর গানের সুর ও সংগীতায়োজন করবেন তিনি নিজে। আর এই অ্যালবামটিতে নিজের প্রথম একক অ্যালবামের দুটি গান রাখারও সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
​দ্বৈত গানের এই অ্যালবামটি সামনের ভালোবাসা দিবসে শ্রোতাদের হাতে তুলে দেওয়ার ইচ্ছে আছে বলেও জানান কুমার বিশ্বজিৎ।