তিন তারকার 'বলছি শোনো'

বাপ্পা মজুমদার, তাহসান, জয় শাহরিয়ার—এই তিনজনই গান করেন আলাদা আলাদা আঙ্গিকে। এবার এই তিন সংগীতশিল্পীই মিলেছেন এক মোহনায়। একসঙ্গে একটি অ্যালবাম করছেন তাঁরা। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘বলছি শোনো’। প্রত্যেক শিল্পীর দুটি করে গান রয়েছে অ্যালবামে। সবগুলো গানের সুর ও সংগীত জয় শাহরিয়ারের।
অ্যালবাম প্রসঙ্গে জয় শাহরিয়ার জানিয়েছেন, তিনজনেরই গানের আলাদা বৈশিষ্ট্য আছে। কিন্তু ভালোবাসা দিবসের অ্যালবামের জন্য তাঁদের গাওয়া গানের ধরনটা কাছাকাছি, গানগুলোর সবই প্রেমের।
তিনজনকে নিয়ে একসঙ্গে এই অ্যালবাম করার প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেছেন, ‘দুজনের সঙ্গেই আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা দৃঢ়। আলাদা আলাদাভাবে তাঁদের সঙ্গে কাজও করেছি। এ ছাড়া তিনজনের গানেরই আলাদা আলাদা শ্রোতা আছে।’ তিনি বলেন, ‘আমরা চেয়েছি, ভালোবাসা দিবসে আলাদা আলাদা শ্রোতাদের এক অ্যালবামের মাধ্যমে এক জায়গায় আনতে।’
‘বলছি শোনো’ অ্যালবামটিতে গান লিখেছেন জয় শাহরিয়ার, শাহান কবন্ধ, মাহমুদ মানজুর, সোমেশ্বর ওলি ও রবিউল ইসলাম।
জয় শাহরিয়ার জানিয়েছেন, ভালোবাসা দিবস উপলক্ষে অ্যালবামটি সিডি আকারে বাজারে ছাড়ছে সিএমভি। এ ছাড়া অনলাইনেও এই অ্যালবামের গানগুলো পাওয়া যাবে।