তিন প্রজন্মের কণ্ঠে আব্বাসউদ্দিনের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুস্তাফা জামান আব্বাসী, সামিরা আব্বাসী ও আরমিন মুসা
মুস্তাফা জামান আব্বাসী, সামিরা আব্বাসী ও আরমিন মুসা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলন ও লোক উৎসবে গান করেছেন একই পরিবারের তিন প্রজন্মের শিল্পী। ১৭ অক্টোবর স্থানীয় সময় বেলা আড়াইটায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পিএস সিক্সটি নাইন মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ ও ভারতের গুণী শিল্পীরা।

এবারের এই লোকসংগীত উৎসব উৎসর্গ করা হয়েছে দেশের মরমি কণ্ঠশিল্পী প্রয়াত আব্বাসউদ্দিন আহমেদকে। অনুষ্ঠানে এই অমর কণ্ঠশিল্পীর ছেলে মুস্তাফা জামান আব্বাসী গেয়েছেন তাঁর বাবা আব্বাসউদ্দিনের গাওয়া জনপ্রিয় কিছু গান।

অনুষ্ঠানে মুস্তাফা জামান আব্বাসীর মেয়ে সামিরা আব্বাসী পরিবেশন করেন ভাটিয়ালি গান। এই উৎ​সবে গান করেছেন একই পরিবারের তৃতীয় প্রজন্মের শিল্পী আরমিন মুসা। তিন প্রজন্মের শিল্পীই গেয়েছেন আব্বাসউদ্দিনের গান।

সম্মেলনের দেড় দশক পূর্তি উপলক্ষে এবার দেওয়া হয় আন্তর্জাতিক সম্মাননা। লোক-সংস্কৃতির বিকাশে অবদান রাখার জন্য আজীবন সম্মাননা পেয়েছেন মুস্তাফা জামান আব্বাসী। প্রবাস সেবায় সম্মাননা পেয়েছেন মার্কিন রাষ্ট্রপতির ‘এশিয়ান আমেরিকান’ বিষয়ক উপদেষ্টা নীনা আহমেদ।