তিন বছর ধরে লেডি গাগা অবসাদে ভুগছেন

তারকারা দিন দিন সাহসী হয়ে উঠছেন। দীপিকা পাড়ুকোন, সেলেনা গোমেজের মতো এবার মার্কিন গায়িকা লেডি গাগাও তাঁর মানসিক রোগ নিয়ে কথা বললেন গণমাধ্যমে। জানালেন, গত তিন বছর ধরে হতাশা আর অবসাদে ভুগছেন তিনি। এ জন্য চিকিৎসকের তত্ত্বাবধানে নিয়মিত ওষুধ খাচ্ছেন। আর এ কারণেই গত তিন বছর ধরে তাঁর নতুন কোনো গান প্রকাশ পায়নি।
২০১৩ সালে মুক্তি পায় গাগার অ্যালবাম ‘আর্টপপ’। এরপর থেকে দীর্ঘদিন গাগাভক্তরা তাঁর কাছ থেকে আর নতুন কোনো গান পায়নি।
সম্প্রতি মুক্তি পায় লেডি গাগার নতুন গান ‘পারফেক্ট ইল্যুশন’। শিগগিরই তাঁর নতুন অ্যালবামও আসবে বাজারে। এ নিয়ে কথা বলতেই সম্প্রতি গাগা বসেছিলেন মিরর পত্রিকার সঙ্গে। এ সময় তাঁর তিন বছরের সংগীত বিরতির প্রসঙ্গ এলে গাগা বলেন, ‘২০১৩ থেকে আমার খ্যাতি আর যশে খানিকটা ভাটা পড়তে শুরু করে। তখনই আমি অবসাদে ভুগতে শুরু করি। তখন প্রতিটি মুহূর্তই আমাকে যেন মৃত্যুযন্ত্রণার মধ্য দিয়ে যেতে হতো।’
নিজের বর্তমান মানসিক অবস্থা নিয়ে গাগা বলেন, ‘এখন অনেকটাই ভালো আছি। তবে আমি বলব না যে এটা ওষুধের প্রভাব। এটা বললে অনেকেই হয়তো ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। আমি ভালো আছি, কারণ এখন আমি সব কথা খোলামেলা বলতে পারি। সবাই যদি এভাবে নিজেদের যন্ত্রণার কথা প্রকাশ করতে পারে, তাহলেই ভালো থাকা যায়।’ মিরর