তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি...

বড্ড অস্থির টেলর সুইফটের মন। তিনি নিজেই মনে করেন তাঁর মনের ওপর নিজের ভরসা নেই। তবে ভক্তদের কি করে থাকবে? তাই তো সুইফটের সেই অস্থির মনের ওপর ভরসা করেই এক অদ্ভুত বাজি ধরায় মশগুল তাঁর চীনা-ভক্তরা। সেই দেশে ‘তাওবাও’ নামে একটি অনলাইন শপিং সাইটে সুইফটের সঙ্গে অভিনেতা টম হিডেলস্টোনের প্রেমের স্থায়িত্ব নিয়ে বিশেষ বিমার স্কিম চালু হয়েছে।
ওই সাইটে প্রতি বাজিতে এক ইউয়ান করে বাজি ধরছেন চীনা সুইফটভক্তরা। সেখানে বলা হয়েছে, আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে সুইফট ও হিডেলস্টোনের প্রেম ভেঙে গেলে তাঁরা তাঁদের বাজির দ্বিগুণ অর্থ ফেরত পাবেন। এই আশায় অনেকে একাধিক বারও বাজি ধরছেন। সাইটটিতে এই বাজির নাম রাখা হয়েছে ‘হিডেলসুইফট ব্রেকআপ ইনস্যুরেন্স’।
চীনে এ ধরনের প্রকাশ্যে বাজি ধরা নিষিদ্ধ। তবে অনলাইন পোর্টালের মাধ্যমে আড়ালে লুকিয়ে অনেকেই বাজি ধরছেন। কিন্তু সুইফট ও হিডেলস্টোনের প্রেমের বাজি নিয়ে তোলপাড় শুরু হওয়ার পর তাৎক্ষণিকভাবে তাওবাও সাইটটি এই নির্দিষ্ট স্কিমের অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়। ম্যাশেবল।