দক্ষিণ এশিয়ান ব্যান্ড উৎসবে চিরকুট

অষ্টম দক্ষিণ এশিয়ান ব্যান্ড উৎসবে গান করার জন্য নয়াদিল্লি সফর করছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট। নয়াদিল্লির পুরোনো কেল্লায় আয়োজিত ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী এই উৎসবে অংশ নেওয়ার জন্য চিরকুটকে আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)। উৎসবের যৌথ আয়োজক আইসিসিআর এবং ভারতীয় এনজিও শেহের।
দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার জনপ্রিয় সব ব্যান্ডদল অংশ নিচ্ছে এই উৎসবে। উৎসব শুরুর আগে ৫ নভেম্বর ভারতের রাষ্ট্রপতি ভবনে গান পরিবেশন করবে নির্বাচিত কয়েকটি ব্যান্ড। তার মধ্যে চিরকুটও থাকছে। চিরকুটের নয়াদিল্লি সফরের পুরো ব্যয় বহন করছে ভারত সরকার। প্রত্যাশা করা হচ্ছে, চিরকুটের এই সফর ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে।
চিরকুট ব্যান্ডের বর্তমান সদস্যদের মধ্যে আছেন সুমি (ভোকাল), পিন্টু (ভোকাল, বেহালা ও বাঁশি), ইমন (গিটার, ব্যাঞ্জো ও ম্যান্ডোলিন), পাভেল (ড্রামস ও পারকাশন), দিদার (বেস গিটার) এবং তমাল (অতিথি গিটারবাদক)।
চিরকুট ব্যান্ডের যাত্রা শুরু ২০০২ সালে। মনোমুগ্ধকর মঞ্চ পরিবেশনা ও শক্তিশালী গানের কথার জন্য অল্প সময়ের মধ্যেই বাংলাদেশি শ্রোতাদের মন জয় করে নেয় ব্যান্ডটি। এখন পর্যন্ত দুটি অ্যালবাম প্রকাশ করেছে চিরকুট। সেগুলো হলো ‘চিরকুটনামা’ এবং ‘যাদুর শহর’। চিরকুট ব্যান্ডের উল্লেখযোগ্য কয়েকটি গানের মধ্যে রয়েছে ‘যাদুর শহর’, ‘কানামাছি’, ‘খাজনা’, ‘বন্ধু’, ‘কাটাকুটি’ ইত্যাদি।
এর আগেও কয়েকটি আন্তর্জাতিক সংগীত উৎসবে গান গেয়েছে চিরকুট। তার মধ্যে রয়েছে ভারত সংগীত সপ্তাহ এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত জাফনা সংগীত উৎসব। এ ছাড়া নরওয়ে সফরেও গিয়েছিল চিরকুট। নরওয়ের অসলো, বারগেন, মোল্ডেসহ ছয়টি শহরে অনুষ্ঠিত কনসার্টে অংশ নেয় ব্যান্ডটি। কনসার্টে চিরকুটের সঙ্গে গান করে নরওয়ের ব্যান্ড কাসা মুরিলো। নরওয়ে সফরে গিয়ে নিজেদের প্রথম আন্তর্জাতিক মিউজিক ভিডিও ‘ট্রামস অ্যান্ড এম্পটি স্ট্রিটস’ প্রকাশ করে চিরকুট। মিউজিক ভিডিওটিতে একসঙ্গে দেখা গেছে কাসা মুরিলো ও চিরকুটকে। এ ছাড়া এমটিভি ইন্ডিয়ায় চিরকুট ব্যান্ডের মিউজিক ভিডিও প্রচারিত হয়েছে। গত বছর আরটিভি সেরা ব্যান্ড পুরস্কার পেয়েছে চিরকুট।
চিরকুট ও কাসা মুরিলো ব্যান্ডের ‘ট্রামস অ্যান্ড এম্পটি স্ট্রিটস’ গানের মিউজিক ভিডিও দেখতে ক্লিক করুন