দর্শকদের নিরাপত্তা ও স্বস্তি সবার আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরহাদুল ইসলাম
ফরহাদুল ইসলাম

আজ ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় শাস্ত্রীয় সংগীত উৎসব। বেঙ্গল আয়োজিত এ উৎসবে অংশ নিচ্ছেন বাংলাদেশ ও ভারতের শাস্ত্রীয় সংগীতের প্রথিতযশা শিল্পীরা। অনুষ্ঠানটির ব্যবস্থাপনা করে আসছে ব্লুজ কমিউনিকেশনস। এই আয়োজনের নানা দিক নিয়ে কথা হয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলামের সঙ্গে। তিনি জানান, দর্শকদের নিরাপত্তা ও স্বস্তি সবার আগে। নিরাপত্তার জন্য একটু কষ্টও মেনে নিতে হবে। উৎসবস্থলে ব্যাগ ও ক্যামেরার মতো জিনিসগুলো নিয়ে আসতে এবার বারণ করা হয়েছে। নারীদের ক্ষেত্রে খুব ছোট হাতব্যাগ রাখায় কোনো বাধা নেই।
উৎসবস্থলে প্রতিবার দর্শক-শ্রোতারা বিপাকে পড়েন প্রক্ষালন বা গণশৌচাগার নিয়ে। সেই সমস্যা দূর করতে এবার পুরোনো টয়লেটগুলোকে মেরামত করে আরও ঝকঝকে করা হয়েছে। সেগুলো ছাড়াও নারীদের জন্য ১২টি এবং পুরুষের জন্য আটটি নতুন টয়লেট স্থাপনও করা হয়েছে। ফলে গ্যালারির দিকে যাঁরা বসবেন, এবার আর এ নিয়ে ঝামেলায় পড়তে হবে না তাঁদের।
সারা রাত একনাগাড়ে সংগীত উপভোগে একঘেয়েমি চলে আসতেই পারে। সেটা দূর করতে সারা রাতই থাকবে চা-কফি আর ফুডকোর্টে রকমারি খাবারের ব্যবস্থা। মূল মঞ্চের সামনে ওপরের ৩০ হাজার বর্গফুট অংশ থাকবে ঢাকা। শামিয়ানায় ঢাকা থাকবে ফুডকোর্টে বসে খাওয়ার জায়গাটিও। প্রতিবারের মতো এটিএম বুথেরও ব্যবস্থা থাকবে মাঠে।
ফরহাদুল ইসলাম জানান, অনুষ্ঠান ব্যবস্থাপনার পুরোটা জুড়েই মাথায় রাখা হয়েছে দর্শকদের স্বস্তির ব্যাপারটি। তাঁরা যাতে স্বাচ্ছন্দ্যে পুরো সময়টা কাটাতে পারেন, সে জন্য যা যা করা প্রয়োজন, সেসব ব্যবস্থা রাখা হয়েছে। শিল্পীদের ক্ষেত্রেও তাই। শিল্পীর সংখ্যা কমিয়ে তাঁদের জন্য যথেষ্ট সময় বরাদ্দ রাখা হয়েছে। এ বছর বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণ আগেরবারের তুলনায় বেশি থাকবে।