বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের প্রথম দিন গত বৃহস্পতিবার রাতে ভরতনাট্যম পরিবেশন করে দর্শককে মোহিত করেছেন বিদুষী মালবিকা সারুক্কাই। পরিবেশনার আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে প্রথম আলোর সঙ্গে কথা বলেন এই অতিথি

প্রথমবার বাংলাদেশে...
এবারই প্রথম বাংলাদেশে এসেছি আমি। এই দেশটির বেশি কিছু জানি না। তবে এটা শুনেছি, বাংলাদেশের মানুষ খুব অতিথিপরায়ণ, আন্তরিক ও বন্ধুবৎসল। এ ছাড়া আমার কাছে আর যে খবরটি আছে তা হলো, বাংলাদেশের মানুষ উচ্চাঙ্গসংগীত দারুণ পছন্দ করে।
উচ্চাঙ্গসংগীত উৎসবের তৃতীয় আয়োজনে এসে...
আমি নাচ করি মূলত দর্শকের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য। আমি শুনেছি, বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত গত দুই উৎসবে বিপুল লোকসমাগম হয়েছে। সারা রাত ধরে বিভিন্ন শিল্পীর পরিবেশনা উপভোগ করেছেন দর্শক-শ্রোতা, বিশেষত তরুণেরা। আর এটা তো এখন বিশ্বের সবচেয়ে বড় উচ্চাঙ্গসংগীতের আসরের মর্যাদা পেয়েছে। তাই আমার মনে হয়, হাজার হাজার দর্শকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এখানে আমার এবারের পারফরম্যান্স ভীষণভাবে উপভোগ করতে পারব আমি।
নাচ নিয়ে...
মা সরোজ কামাকসির কাছে নাচে আমার হাতেখড়ি। পরে গুরু কালিয়ানা সুন্দারম, রাজা রাদনাম ও কালনিধি নারায়ণনের কাছে ধ্রুপদি নৃত্যের তালিম নিয়েছি ২০ বছর ধরে। তার পরই নিজে কোরিওগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ করেছি।
নিছক বিনোদন নয়
নাচ হলো আমার কাছে আরাধনা। যখন নাচের পোশাকে মঞ্চে উঠি, প্রফুল্লতা ভর করে মনে। আমার মনে হয়, নৃত্যের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয়। তবে আমি এও বিশ্বাস করি, ধ্রুপদি নৃত্যকলা নিছক বিনোদন নয়, এর চেয়ে বেশি কিছু। এটি পরমের সঙ্গে মানুষের সংযোগ তৈরি করে।
আবার বাংলাদেশে এলে...
এবার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছি। ভবিষ্যতে বাংলাদেশে এলে অবশ্যই আমি যেতে চাই সুন্দরবনে।
আলতাফ শাহনেওয়াজ