দশ কোটি অনুসারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটি পেরি
কেটি পেরি

ভাঙল আরও একটি রেকর্ড। মিলল সংগীতের প্রতি সারা পৃথিবীর মানুষের ভালোবাসার আরও একটি প্রমাণ। খুদে ব্লগ টুইটারে মার্কিন কণ্ঠশিল্পী কেটি পেরির অনুসারী সংখ্যা দশ কোটি ছাড়িয়েছে। টুইটারের ১১ বছরের ইতিহাসে এই প্রথম কোনো অ্যাকাউন্টধারীর অনুসারী সংখ্যা এত হলো।

কেটি পেরি টুইট শুরু করেন ২০০৯ সাল থেকে। সম্প্রতি দশ কোটি অনুসারী হওয়া উপলক্ষে তাঁর পোস্টগুলো নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে ওয়েব সাইট টুইটার। লিখেছে, ‘আমরা আজ ইতিহাসের #উইটনেস।’ উল্লেখ্য, কেটি পেরির নতুন অ্যালবামের নাম ‘উইটনেস’।
টুইটারে অনুসারীর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন কানাডার গায়ক জাস্টিন বিবার। বিবারের পরেই আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিবারের অনুসারীর সংখ্যা ৯ কোটি ৬৭ লাখ; ওবামার অনুসারীর ৯ কোটি ১০ লাখ।

টুইটার ওয়েবসাইটের হিসাব অনুযায়ী, অনুসারীর সংখ্যার দিক থেকে বাকি শীর্ষ ১০০টি অ্যাকাউন্টই গায়ক, খেলোয়াড়, গণমাধ্যম কোম্পানি এবং অল্প কয়েকজন রাজনীতিকের দখলে।
টুইটারে অনুসারীর সংখ্যার দিক থেকে বর্তমান নেতাদের মধ্যে শীর্ষে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩৩ তম অবস্থানে থাকা ট্রাম্পের অনুসারীর সংখ্যা তিন কোটি ২৪ লাখ। আর ট্রাম্পের দুই সংখ্যা নিচে অর্থাৎ ৩৫ তম অবস্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর অনুসারীর সংখ্যা তিন কোটি সাত লাখ।
তবে এই অনুসারীদের মধ্যে কতজন ভুয়া-তা পরিষ্কার নয়। ধারণা করা হয়, পেরি ও বিবারের দুই-তৃতীয়াংশ অনুসারীই ভুয়া। গত জানুয়ারিতে যুক্তরাজ্যের গবেষকেরা বিপুলসংখ্যক ভুয়া টুইটার অ্যাকাউন্টের সন্ধান পান।