দশ বছর পর সৈনিকের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি ডব্লিউ সৈনিক
টি ডব্লিউ সৈনিক

‘তুমি আমার ঘুম’ দশ বছর আগে প্রকাশিত হওয়া টি ডব্লিউ সৈনিকের প্রথম একক গানের অ্যালবাম। এই অ্যালবামের টাইটেল গান ‘তুমি আমার ঘুম’ দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি লাভ করেন সৈনিক। চিত্রগ্রাহক থেকে সৈনিকের পরিচিতি গানের জগতেও তৈরি হয়। এরপর ১০ বছরের লম্বা বিরতি। গানের জগতে আর সেভাবে দেখাই যায়নি তাঁকে। নাটক, বিজ্ঞাপন আর চলচ্চিত্রের চিত্র গ্রহণের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। সৈনিকের গানের ভক্তদের জন্য সুখবরই বলা চলে। সম্প্রতি বাজারে এসেছে তাঁর দ্বিতীয় একক গানের অ্যালবাম। নাম ‘ঘুমের পরে মেঘ’।
নিজের ভালো লাগার কিছু গান দিয়ে অ্যালবামটি সাজিয়েছেন বলে জানান সৈনিক। বললেন, ‘অ্যালবামটিতে মোট নয়টি গান রয়েছে। আমি মন দিয়ে গানগুলো করেছি। আশা করছি, প্রতিটি গান শ্রোতাদের ভালো লাগবে।’
লম্বা বিরতির কারণ জানতে চাইলে সৈনিক বলেন, ‘তুমি আমার ঘুম গানটির জন্য শ্রোতাদের কাছ থেকে অনেক প্রশংসা ও ভালোবাসা পেয়েছিলাম। এ জন্য শ্রোতাদের ভালো কিছু গান উপহার দেওয়ার তাগিদ কাজ করেছে আমার ভেতর। শ্রোতাদের নিরাশ না করার সর্বোচ্চ চেষ্টা আমি করেছি। অনেক সময় নিয়ে যত্ন করে গানগুলো তৈরি করেছি। এ ছাড়া নাটক, বিজ্ঞাপন আর চলচ্চিত্রের চিত্র গ্রহণের কাজ নিয়ে ব্যস্ততার কারণে দ্বিতীয় গানের অ্যালবাম প্রকাশ করতে লম্বা বিরতি নিতে হয়েছে।’
‘ঘুমের পরে মেঘ’ অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন সোহেল আরমান, রানা মাসুদ, দেবাশীষ কাঁকন ও টি ডব্লিউ সৈনিক। সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার, এস আই টুটুল, হৃদয় খান ও জুলফিকার জনি।
টি ডব্লিউ সৈনিক ১৯৯২ সাল থেকে টানা চার বছর ছায়ানট সংগীত বিদ্যায়তনে লোকসংগীতে তালিম নেন। তাঁর প্রথম একক গানের অ্যালবাম ‘তুমি আমার ঘুম’ প্রকাশিত হয় ২০০৫ সালে।