দিনভর ক্রিস ব্রাউনের 'আটক' নাটক!

গতকাল বুধবার দিনভর ভালোই নাটক দেখালেন মার্কিন সংগীত তারকা ক্রিস ব্রাউন। প্রায় ১১ ঘণ্টা নিজ বাড়িতে অবরুদ্ধ থাকার পর ক্যালিফোর্নিয়া পুলিশ তাঁকে দুপুরে আটক করে। এরপর কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ২ লাখ ৫০ হাজার জরিমানায় তাঁকে জামিন দেওয়া হয়।
বেইলি কারেন নামের এক উঠতি মডেল ক্রিস ব্রাউনের বিরুদ্ধে হেনস্তা ও প্রাণনাশের অভিযোগ আনলে পুলিশ ক্রিসকে আটক করতে তাঁর বাড়ি ঘেরাও করে। কিন্তু পুলিশের কাছে ‘সার্চ ওয়ারেন্ট’ না থাকায় ক্রিসের বাড়িতে তাঁরা ঢুকতে পারেনি। আর ক্রিসও তাঁর আইনজীবীর পরামর্শ ছাড়া বাড়ি থেকে বের হননি। অবশেষে ১১ ঘণ্টা পর পুলিশ সার্চ ওয়ারেন্ট নিয়ে ক্রিসের বাড়িতে ঢোকে এবং সমঝোতার মধ্য দিয়ে ক্রিসকে আটক করে নিয়ে যায়।
বেইলি কারেন নামের ওই উঠতি মডেল গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশের জরুরি সেবার নম্বরে ফোন করে অভিযোগ করেন, গায়ক ক্রিস ব্রাউন তাঁকে প্রাণঘাতী অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছেন। তিনি ক্রিসের বাড়ি থেকে পালিয়ে বেরিয়ে এসেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই ভোর পাঁচটার মধ্যে ক্রিসের বাড়ি ঘেরাও করে ফেলে ক্যালিফোর্নিয়া পুলিশ।
এদিকে অনেক নাটকের পর আটক ক্রিস ব্রাউন মুক্ত হয়েই নিজেকে নির্দোষ দাবি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখিত ও ভিডিও বার্তা প্রকাশ করেছেন। অন্যদিকে, কারেন আজ দিনভর বিভিন্ন গণমাধ্যমে বলেই যাচ্ছেন তাঁর অভিযোগের কথাগুলো।
কারেন ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন, তিনি ও তাঁর এক ব্যবসায় সহযোগী ক্রিস ব্রাউনের সঙ্গে কিছু ব্যবসায়িক বিষয়ে আলাপ করতে তাঁর ক্যালিফোর্নিয়ার বাংলোয় যান। সেখানে তাঁরা লম্বা সময় কাটান। সে সময় ক্রিসের কিছু বন্ধুও বাংলোয় ছিলেন। ক্রিসের এক হীরার ব্যবসায়ী বন্ধু সে সময় কিছু হীরার গয়না ও ঘড়ি দেখাচ্ছিল সবাইকে। কারেনও ওই সব দেখতে সামনে গিয়েছিলেন। কিন্তু ওই ডায়মন্ড ডিলার নাকি তাতে চেঁচিয়ে ওঠেন। এ নিয়ে বিবাদ শুরু হয়। এক পর্যায়ে ক্রিস ব্রাউন নাকি একটি বন্দুক এনে কারেনের দিকে তাক করে বলেন, ‘অনেক হয়েছে। আমি তোমাদের চেঁচামেচিতে অসহ্য হয়ে গেছি। এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও।’ কারেন অপমানিতবোধ করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য রওনাও হন। এমন সময় নাকি ক্রিসের দলের এক কর্মী কারেনের মোবাইল ফোন জব্দ করে একটি চুক্তিপত্র দেখিয়ে তাতে সই করার জন্য তাঁকে বাধ্য করে। কারেন চুক্তিপত্রের বিষয়ে জানতে চাইলে ওই কর্মী জানান, এটি গোপনীয়তা রক্ষাসংক্রান্ত একটি চুক্তিনামা। বাংলোয় যে বাগ্বিতণ্ডা হয়েছে, এ বিষয়ে বাইরে কাউকে বলা যাবে না, এটি নিশ্চিত করার জন্যই কারেনকে সেই চুক্তিপত্রে সই করতে হবে। তা না হলে তাঁরা কারেনকে তাঁর মোবাইল ফোন ফেরত দেবেন না। কারেন নাকি তখন ঘাবড়ে যান। ওই কর্মীর হাত থেকে কোনো রকমভাবে মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড়ে পালান ক্রিসের বাংলো থেকে। এরপর পাশের একটি বাড়িতে এসে আশ্রয় নেন এবং তখনই পুলিশকে খবর দেন।

এদিকে বেইলি কারেনের ইতিহাসও কিন্তু খুব একটা স্বচ্ছ নয়। নিউইয়র্ক পুলিশের ‘ধরিয়ে দিন’ (ওয়ান্টেড) তালিকায় নাম আছে তাঁর। বেশ কয়েক বছর আগে এক বন্ধুর দামি ব্রান্ডেড হাতব্যাগ ও তাতে থাকা ডলার ছিনিয়ে পালিয়েছিলেন তিনি। এরপর থেকেই নিউইয়র্ক পুলিশের অপরাধী খাতায় উঠে গেছে তাঁর নাম। তা ছাড়া ‘মিস ক্যালিফোর্নিয়া রিজিওনাল ২০১৬’ নামের একটি প্রতিযোগিতায় সেরা সুন্দরী হয়েছিলেন তিনি, পরে সেই খেতাবটিও দুই মাসের মাথায় তাঁর কাছ থেকে প্রত্যাহার করা হয়। আয়োজকেরা তাঁর বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ এনে তাঁর বিজয়ীর খেতাব উঠিয়ে নেন। কিন্তু আয়োজকদের অভিযোগ, কারেন এখনো তাঁদের ‘মিস ক্যালিফোর্নিয়া রিজিওনাল’-এর মুকুট ও উত্তরীয়টি ফেরত দেননি।
যেমন কারেন, তেমনই ক্রিস ব্রাউন। অপরাধের খাতাটা ক্রিসেরও তো হালকা নয়। সাবেক প্রেমিকা খ্যাতিমান গায়িকা রিয়ানাকে নির্যাতনের অভিযোগে জেল পর্যন্ত খেটেছেন এ গায়ক। তা ছাড়া ওই নির্যাতনের মামলার পর থেকে ক্রিসের কাছে কোনো ধরণের অস্ত্র রাখার অনুমতি ছিল না। আদালত থেকে এ নির্দেশ দেওয়া হয়েছিল। তাই যখন ক্রিসের বিরুদ্ধে কারেন প্রাণঘাতী অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠান, তখন পুলিশ আরও কঠোর হয়ে যান। এ জন্যই পরে ২ লাখ ৫০ হাজার ডলার জরিমানা দিয়ে জামিন নিতে হয় তাঁকে। বিবিসি, ডেইলি মেইল ও টিএমজি অবলম্বনে।