>শুরুটা ফ্রান্সে। তারপর সংগীত দিবস পালনের রেওয়াজ ছড়িয়ে গেছে বিশ্বজুড়ে। আজ বিশ্ব সংগীত দিবস সামনে রেখে আমাদের আয়োজনে থাকছে গানের খবর ও গানের মানুষের কথা

সংগীত বিশাল এক ব্যাপার। তাই সংগীতের গুরুত্ব বোঝানোর জন্য এ দিনটিকে বিশেষভাবে পালনের প্রয়োজন রয়েছে আমাদের। কিন্তু আমাদের দেশে বিশ্ব সংগীত দিবস নিয়ে তেমন কোনো তৎপরতা দেখি না। অথচ এই দিবসটি আমাদের বিরাট আয়োজন করে পালন করার কথা। বেশ কিছুদিন আগে থেকেই এই দিবসটির কথা সবাইকে জানানো উচিত বলে আমি মনে করি। তা হলে এই দিনটি নিয়ে সবাই ভাববে, সংগীত নিয়ে সবাই ভাববে, এর গুরুত্বও বোঝার চেষ্টা করবে। সংগীতের সুর-তাল-লয় ও ঘরানাগুলোর ব্যাপারে জানার পাশাপাশি সংগীতের সৃষ্টি কবে, কীভাবে তা এল—এসবও তো আমাদের জানতে হবে। আর সংগীত দিবস এসব শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আমি মনে করি, দিবসটি পালনে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে কাজ করতে পারে। আর আমরা যাঁরা সংগীতের সঙ্গে সংশ্লিষ্ট, তাঁদের তো অবশ্যই কিছু দায়িত্ব রয়েছে। (অনুলিখিত)