দিল্লি যাচ্ছে চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লি যাচ্ছেন চিরকুটের সদস্যরা। ৫ নভেম্বর সন্ধ্যায় নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের মিলনায়তনে গান করবে বাংলাদেশের এই ব্যান্ড। এই আয়োজনে আরও গান করবে ভারতের মৃগয়া ও পাকিস্তানের জেবুন্নিসা বঙ্গস। গতকাল রোববার চিরকুটের সুমী বলেন, ‘এরই মধ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’
সুমী জানান, ভারতীয় দূতাবাস থেকে তাঁরা এই আমন্ত্রণ পেয়েছেন। অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, তাঁর পরিবার আর রাষ্ট্রপতি ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। আরও থাকবেন আমন্ত্রিত অতিথিরা। গত বছরের নভেম্বর মাসে ভারতের রাষ্ট্রপতি ভবনে গান করেছে বাংলাদেশের এলআরবি।
এরপর চিরকুট গান করবে দক্ষিণ এশিয়া ব্যান্ড উৎসবে। ভারতের নয়াদিল্লির পুরান কেল্লায় এই উৎসব হবে ৭ থেকে ৯ নভেম্বর। আয়োজন করছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস।