দিয়ার 'উত্তরাধিকার'

সংগীতশিল্পী দিয়ার দ্বিতীয় একক অ্যালবাম মুক্তি পাচ্ছে। রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ ও নজরুলের তিনটি করে মোট নয়টি গান থাকবে উত্তরাধিকার-এ।
শিল্পী বললেন, ‘এ তিনজনের গান আমি উত্তরাধিকারে পেয়েছি। গানগুলো আমার ভীষণ ভালো লাগে। এ ছাড়া একটা দায়বদ্ধতাও কাজ করেছে। এসব গান আমরা শুনি কতখানি, গাই কতখানি? এগুলো হারিয়ে গেলে তো আমাদেরই ক্ষতি। তাই অনেক কষ্ট করে, গবেষণা করে গানগুলো বের করেছি। কয়েকটি গান খুব অল্পশ্রুত। কতগুলো অন্যদের গলায় পাওয়া গেলেও আমি নিজের মতো করে গেয়েছি।’
এই অ্যালবামের সংগীতায়োজন করেছেন কলকাতার সংগীত পরিচালক প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়।
আগের অ্যালবামটিও ছিল রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল ও রজনীকান্তের গান নিয়ে। অ্যালবামটির নাম ছিল কত চামেলি বৃথা যায়। প্রথম অ্যালবাম সাড়া কেমন পেল? জানতে চাইলে দিয়া বলেন, ‘বেশ ভালো। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সাড়া পেয়েছি। অনেক শ্রোতা ইউটিউবে শুনেছেন গানগুলো। অ্যামাজনে বেশ বিক্রি হয়েছে অ্যালবামটি।’
উত্তরাধিকার-এর মুক্তি নিয়ে দিয়া বলেন, শিগগিরই আসছে। অ্যালবামের সব কাজ তো হয়ে গেছে।