দুঃসহ স্মৃতি গাগার মানসিক রোগের কারণ

প্রায় এক যুগ আগের ঘটনা। কিন্তু আজও দুঃস্বপ্নে হানা দেয়। একটা নখওয়ালা দানব, একটা পশু। ধেয়ে আসছে তাঁর দিকে। ক্ষতবিক্ষত হচ্ছেন তিনি। ছটফট করছেন যন্ত্রণায়। শরীরের সেই ক্ষত সারিয়ে নিয়েছেন, কিন্তু মন? আজও যে ধর্ষণের সেই স্মৃতি ভুলতে পারেন না লেডি গাগা!
এক টিভি সাক্ষাৎকারে গাগা বলেছেন, ‘আমি একটা মানসিক রোগে ভুগছি— আঘাত-পরবর্তী মানসিক যন্ত্রণা। এটা আমি আগে কাউকে বলিনি।’
১৮ বছর বয়সে গাগা যুক্তরাষ্ট্রে ধর্ষণের শিকার হন। সাত বছর ধরে ব্যাপারটি লুকিয়ে রেখেছিলেন। প্রকাশ্যে সংবাদমাধ্যমে বিষয়টি প্রথম বলেছেন দুই বছর আগে। গাগা এর ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, আর সব কিশোর-তরুণীর মতো তিনিও এ ঘটনার জন্য নিজেকেই দায়ী করতে শুরু করেছিলেন। কিন্তু পরে এসে বুঝেছেন, এভাবে ভাবা কত বড় ভুল। বুঝেছেন, সমাজের দৃষ্টিভঙ্গির কারণেই হয়তো মেয়েরা এভাবে ভাবে, কিন্তু এতে পার পেয়ে যায় ধর্ষক আর অপরাধী। এ কারণে এ নিয়ে ভেতরে-ভেতরে নিজেকে না পুড়িয়ে বরং গাগা পোড়াতে বলছেন ওই দানবদেরই।
অনুপ্রেরণার বাণী নিয়েই গাগা হাজির হয়েছিলেন নিউইয়র্কের একটি আশ্রয়কেন্দ্রে। যাঁরা নানাভাবে নির্যাতিত, গাগা তাঁদের জন্য নানা উপহার নিয়ে গিয়েছিলেন। তাঁদের একজন কাঁদো কাঁদো কণ্ঠে বলেছেন, ‘গাগা আজ যা করলেন, তাতে আবারও বিশ্বাস ফিরে পেয়েছি, পৃথিবীতে এখনো ভালোবাসা মরে যায়নি।’ বিবিসি।