দুই অ্যালবামে মাহবুবা রহমানের কালজয়ী গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুবা রহমান
মাহবুবা রহমান

পঞ্চাশ থেকে সত্তর দশকের রেডিও ও চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গানের শিল্পী মাহবুবা রহমান। তাঁর গাওয়া সেই সব গান সংরক্ষণের কাজ করছেন তার পরিবারের সদস্যরা।  মাহবুবার মেয়ে কণ্ঠশিল্পী রুমানা ইসলাম বলেন, আমার মায়ের গাওয়া আধুনিক গান ও পল্লি ধাঁচের গান নিয়ে শিগগিরই দুটি অ্যালবাম বাজারে আনছে লেজার ভিশন।
পঞ্চাশের দশকে মাহবুবা রহমান রেডিওতে অসংখ্য গান গেয়েছেন। সেই গানগুলোর মধ্যে ‘আগে জানি না রে দয়াল’, ‘আমার মন ভালো লাগে না গো প্রাণ ভালো লাগে না গো’, ‘পাখি উইড়া যায় রে’ উল্লেখযোগ্য।
এ দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। আবদুল জব্বার খানের এই ছবিতে সমর দাসের সুরে মাহবুবা রহমান গেয়েছিলেন ‘মনের বনে দোলা লাগে’ গানটি। তাঁর গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে আরও রয়েছে খান আতাউর রহমানের সুরে জহির রায়হানের ‘কখনো আসেনি’ ছবির ‘নিরালা রাতের প্রথম প্রহরে’, ‘তোমাকে ভালোবেসে অবশেষে কী পেলাম’, ‘আছিয়া’ ছবির ‘আমার গলার হার’ ও ‘সাত ভাই চম্পা’ ছবির ‘আগুন জ্বালাইস না আমার গায়’।
এ প্রসঙ্গে রুমানা ইসলাম বলেন, ‘আমার মায়ের গাওয়া এমন আরও অনেক গান রয়েছে। বিভিন্ন মানুষের কাছ থেকে সেগুলো সংগ্রহ করেছি। এখন দুটি অ্যালবামের প্রস্তুতি নিয়েছি। একটিতে থাকবে তাঁর গাওয়া পল্লিগীতি ধাঁচের গানগুলো। অন্যটিতে থাকবে তাঁর গাওয়া আধুনিক গান। শিগগিরই দুটি অ্যালবাম বাজারে আসবে লেজার ভিশনের ব্যানারে।’
প্রসঙ্গত, চলচ্চিত্রকার, শিল্পী, সুরকার, গীতিকার ও অভিনেতা প্রয়াত খান আতাউর রহমানের স্ত্রী মাহবুবা রহমান।