দুই আসিফের 'সাদা আর লাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সাদা আর লাল’ গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত পরিচালনা করেছেন অটামনাল মুন এবং গেয়েছেন আসিফ আকবর।
‘সাদা আর লাল’ গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত পরিচালনা করেছেন অটামনাল মুন এবং গেয়েছেন আসিফ আকবর।

আসিফ ইকবাল ও আসিফ আকবর। একজন চট্টগ্রাম থেকে এসেছেন, অন্যজন কুমিল্লা। বাংলা গানের ভুবনে দুজনের দীর্ঘদিনের বিচরণ। এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন দুই আসিফ। 

গানটির শিরোনাম ‘সাদা আর লাল’। লিখেছেন আসিফ ইকবাল। গেয়েছেন আসিফ আকবর। গানটির সুর-সংগীত পরিচালনা করেছেন অটামনাল মুন।
প্রথমবারের মতো আসিফের জন্য গান লেখা প্রসঙ্গে গীতিকার আসিফ ইকবাল বলেন, ‘দীর্ঘদিন এক ভুবনে কাজ হলেও দুজনের একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। অনেকেই হয়তো ভাবছেন, এত দিন আমাদের মধ্যে বিবাদ ছিল, তাই গান করিনি। এটা মোটেও ঠিক নয়। সময়-সুযোগ হয়নি বলে দুজনের একসঙ্গে গান করা হয়নি । এবার হলো, করে ফেললাম এবং দুজনই গানটি নিয়ে খুব খুশি। কারণ, ভালো কিছুই হয়েছে।’
বাংলা নববর্ষ সামনে রেখে গানটি করা হয়েছে বলে জানান আসিফ ইকবাল। গানটি প্রকাশ পাচ্ছে এই বৈশাখ উৎসবে গানচিল মিউজিকের ব্যানারে। বড় পরিসরে এই গানের মিউজিক ভিডিও প্রকাশ পাবে। তিনি বলেন, এটা এমন একটি গান হয়েছে, যা সব ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ, সর্বোপরি পৃথিবীর প্রায় সব উৎসবের সঙ্গে মিলিয়ে নিতে পারবে। উৎসবের কথায় সাজানো শতভাগ রঙিন একটি গান।