দুই দিনে শেষ মনপাখি


ব্যস্ত মানুষ মমতাজ। আগের মতো শুধুই গান করেন না তিনি, জনপ্রতিনিধি হিসেবে পালন করতে হয় সরকারি দায়িত্ব। এরই মধ্যে সময় দেন গানের জন্য। সম্প্রতি শেষ হলো তাঁর নতুন গানের অ্যালবাম ‘মনপাখি’র রেকর্ডিং। মাত্র দুই দিনে সেই অ্যালবামের গানগুলোর রেকর্ডিং শেষ করেছেন এই শিল্পী।
এ বছরের ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে মমতাজের নতুন এ অ্যালবামটি। গতকাল শুক্রবার ঢাকার একটি স্টুডিওতে অ্যালবামের কণ্ঠধারণের কাজ শেষ হয়েছে। রেকর্ডিং স্টুডিওতে সেসময় উপস্থিত থাকা গীতিকবি দেলোয়ার আরজুদা শরফের সঙ্গে আড্ডাও দিয়েছেন তিনি। আড্ডায় বলছিলেন, ‘টেলিভিশনের একটি সরাসরি গানের অনুষ্ঠানে ‘সজ্ঞানে খোদার ধ্যানে’ গানটি গেয়ে শেষ করেছি কেবল। এক ভক্ত লাইভ অনুষ্ঠানে গানের অনুরোধ করতে ফোন করেছিল। লাইন পেয়ে তিনি বলেছিলেন, ‘‘যে গান শোনালেন এর পরে আর কোনো গানের অনুরোধ চলে না।’’ গানটি ছিল ‘জলের আয়না’ অ্যালবামের।
‘মনপাখি’ অ্যালবামে রয়েছে মোট পাঁচটি গান। এগুলো হলো ‘মনপাখি’, ‘দুঃখের মাটি’, ‘চন্দ্রকন্যা’, ‘হাশর’ ও ‘চান্দিগরম’। লোকজ সুরের এ গানগুলোতে ব্যবহার করা হয়েছে আধুনিক সব বাদ্যযন্ত্র। গানের কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ ও সুর করেছেন অভি আকাশ। গানগুলোর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।