দুই দেশের দুই ব্যান্ডের অন্তরে বাহিরে
একটি গান দুটি ভাষায় গেয়েছে দুই দেশের দুই গানের দল। বাংলাদেশের ব্যান্ড চিরকুট ও লাতিন আমেরিকান ব্যান্ড টোয়েন্টিফোর আওয়ারসের একই গান দুই ভাষায় গাওয়ার খবরের পর এল নতুন খবর। আজ বৃহস্পতিবার দুপুরে সেই গানের অডিও ও ভিডিওটি অবমুক্ত করা হলো।
গানটির প্রকাশনা উপলক্ষে আজ সকালে রবির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে চিরকুট ব্যান্ডের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন রবি ও ইয়োন্ডার মিউজিকের কর্মকর্তারা। এ সময় চিরকুট ব্যান্ড অতিথিদের ‘অন্তরে বাহিরে’ গানটি গেয়ে শোনান। এর আগে এক ভিডিও বার্তায় চিরকুটের সঙ্গে গানটিতে যুক্ত হওয়া নিয়ে ও তাঁদের কাজ নিয়ে মুগ্ধতার কথা জানান টোয়েন্টিফোর আওয়ারস ব্যান্ডের সদস্যরা। তাঁরা বলেন, ‘চিরকুটের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। আমাদের বাংলাদেশে আসার ইচ্ছে আছে।’
কী করে একত্রিত হলেন জানতে চাইলে সুমী বলেন, ‘মাস তিনেক আগে আমরা যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে সাউথ বাই সাউথওয়েস্ট (এসএক্সএসডব্লিউ) উৎসবে গান করতে গিয়েছিলাম। তখনই টোয়েন্টিফোর আওয়ারসের সঙ্গে একটি গান করে আসি।’
‘অন্তরে বাহিরে’ গানটির পরিচালক হিসেবে কাজ করেছেন সংগীতশিল্পী জোহান অ্যালকোভার, সমন্বয়ক ছিলেন অ্যাঞ্জেল ডি সুজা। তিনি শাকিরা, কোল্ডপ্লে, মেরুন ফাইভ ব্যান্ডের মতো বিখ্যাত সংগীতশিল্পীদের সঙ্গে কাজ করেছেন। শারমীন সুলতানা সুমীর কথায় ‘অন্তরে বাহিরে’ শিরোনামের ওই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছে চিরকুট।