দুই প্রজন্মের 'আধেক তুমি'

বাংলা গানের জগতে কয়েক দশকের বিচরণ গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদারের। দীর্ঘ সংগীতজীবনে তিনি উপহার দিয়েছেন অসংখ্য শ্রোতাপ্রিয় গান। ঈদে আসছে আধেক তুমি নামের একটি দ্বৈত গানের অ্যালবাম। এতে বাপ্পা মজুমদারের পাশাপাশি শোনা যাবে এই প্রজন্মের শিল্পী ইমরানের কণ্ঠ। সেই হিসেবে এক অ্যালবামে থাকছে দুই প্রজন্মের শিল্পীর গান।
এতে থাকছে মোট ছয়টি গান। তিনটি করে গান গেয়েছেন দুজনে। গানগুলোর সুর-সংগীতায়োজন করেছেন নাজির মাহমুদ ও সুমন কল্যাণ।
নতুন এই অ্যালবাম প্রসঙ্গে জানতে বাপ্পা মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘বেশ কিছুদিন আগে সুমন কল্যাণ আমাকে দিয়ে কয়েকটি গান করিয়ে নিয়ে গেছেন। সেগুলোরই একটা সংকলন এই অ্যালবামের গানগুলো।’
ইমরান জানান, বাপ্পা মজুমদারের মতো এত বড় মাপের একজন সংগীতশিল্পীর একই অ্যালবামে গান গাইতে পারা তাঁর জন্য অনেক আনন্দের।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি সূত্রে জানা গেছে, আধেক তুমি অ্যালবামের গানগুলো ডিজিটাল ও সিডি আকারে প্রকাশ পাচ্ছে শিগগিরই।