দুই বাংলায় 'বারতা পেয়েছি মনে মনে'

বাংলা নববর্ষ উপলক্ষে প্রকাশিত হয়েছে প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নতুন একক অ্যালবাম। নাম ‘বারতা পেয়েছি মনে মনে’।
অ্যালবামটি প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘রবীন্দ্রনাথের পূজা, প্রকৃতি, প্রেম প্রভৃতি পর্যায়ের গান নিয়ে অ্যালবামটি করেছি। অ্যালবামে বৈচিত্র্য আনার জন্যই এটা করা। গানগুলো ব্যক্তিগতভাবে আমার নিজেরও অনেক পছন্দের। আমার ধারণা, শ্রোতাদেরও ভালো লাগবে।’
বন্যা আরও বলেন, ‘এই অ্যালবামের সংগীতায়োজনেও রয়েছে নতুনত্ব। শ্রোতারা শুনলেই সেটা বুঝতে পারবেন।’
রবীন্দ্রনাথের ১০টি গান দিয়ে অ্যালবামটি সাজিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। গানগুলোর শিরোনাম ‘আকাশ ভরা সূর্য-তারা’, ‘ওরে ভাই, মিথ্যা ভেব না’, ‘বিপুল তরঙ্গ রে’, ‘বারতা পেয়েছি মনে মনে’, ‘প্রাণ ভরিয়ে’, ‘তাই তোমার আনন্দ আমার পর’, ‘জগৎ জুড়ে উদার সুরে’, ‘বড় আশা করে’, ‘আমার দিন ফুরাল’ এবং ‘মধুর তোমার শেষ’। গানগুলোর সংগীতায়োজন করেছেন কলকাতার প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়।
বিশ্বের ১৯৬টি দেশের ৭৫০টি পোর্টালে ‘বারতা পেয়েছি মনে মনে’ অ্যালবামটি পাওয়া যাচ্ছে। বাংলাদেশে পাওয়া যাচ্ছে রকমারি ডটকম এবং দেশালের সবগুলো শোরুমে।
‘বারতা পেয়েছি মনে মনে’ অ্যালবামটি প্রকাশ করেছে জিরোনা বাংলাদেশ। আগামী মে মাসের প্রথম সপ্তাহে কলকাতায় অ্যালবামটি প্রকাশ করা হবে বলেও জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।