দুই বাংলার গানের ম্যাচ!

আজ শনিবার সন্ধ্যায় ‘এক নির্ঝরের গান’ অ্যালবামটির মোড়ক খোলা হবে। কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) মিলনায়তনে এই মোড়ক খুলবেন অধ্যাপক আনিসুজ্জামান, কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার জকি আহাদ, জনপ্রিয় কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা, সুরকার ও সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, জয় সরকারসহ আরও অনেকে। গানশালা কলকাতা ও সারেগামা আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এই দুই বাংলার এ সময়ের জনপ্রিয় কয়েকজন তরুণ সংগীতশিল্পীর ‘গানের ম্যাচ’ও অনুষ্ঠিত হবে। গানের ম্যাচ! বিষয়টা শুনতে একটু অবাক লাগলেও আজ সকালে গানশালা কলকাতার প্রধান অনিন্দিতা কাজী এমনটাই যে বলেছেন! তিনি বলেন, ‘গতকাল শুক্রবারে এ অনুষ্ঠানের মহড়া দেখে মনে হয়েছে এ যেন গানের ম্যাচের জন্যই সবার প্রস্তুতি। সবাই যেন তাঁর সেরাটা তুলে ধরার জন্যই চেষ্টা করছেন।’
অবশ্য ম্যাচ হলে জয়-পরাজয় তো থাকবেই। কিন্তু না, এই ম্যাচে থাকছে না কোনো জয়-পরাজয়ের বিষয়। শুধু সবাই তাঁদের সেরা পরিবেশনাটাই দেওয়ার চেষ্টা করবেন এই ম্যাচে।
গান দিয়ে এই প্রজন্মের সংগীতশিল্পীদের মাঝে এক সেতুবন্ধন তৈরির চেষ্টা করছেন এনামুল করিম নির্ঝর। আইসিসিআর মিলনায়তনের এই আয়োজনে আজ গান গাইবেন ঢাকার শিল্পী সভ্যতা, লিমন ও মুন আর কলকাতার কিঞ্জল, অঙ্কন, সুদীপ্ত, জয়, প্রিয়ংবদা আর সৌমদত্তা।
‘এক নির্ঝরের গান’ আয়োজনের প্রথম অ্যালবামটি ঢাকায় বেরিয়েছিল গত বছরের ১২ জুন। ১০১ টি গান আছে এই অ্যালবামে। স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝরের লেখা ও সুর করা গানের সংগীতায়োজন করেছেন ১৩ জন তরুণ সংগীতায়োজক। গান গেয়েছেন ৪১ জন শিল্পী। তাঁরা সবাই বাংলাদেশের। এই ১০১টি গানের মধ্য থেকে ৩২টি নির্বাচিত গানের সংকলন কলকাতায় প্রকাশ করছে সারেগামা।
এদিকে কলকাতায় শুরু হয়েছে এনামুল করিম নির্ঝরের লেখা ও সুর করা ‘এক নির্ঝরের গান’ আয়োজনের দ্বিতীয় অ্যালবামের কাজ। এই অ্যালবামের জন্য এরই মধ্যে কণ্ঠ দিয়েছেন কলকাতার শিল্পী কিঞ্জল, অঙ্কন, সুদীপ্ত, জয়, প্রিয়ংবদা ও সৌমদত্তা। অ্যালবামটিতে গান গাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন হৈমন্তী শুক্লা।
এনামুল করিম নির্ঝর বলেছেন, ‘কলকাতা থেকে এমন একটা অ্যালবাম বের হবে, দুই বাংলার তরুণ শিল্পীরা আমার গান করবে, এমনটা অনেক দিনের স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।’
আগামীকাল রোববার বেলা ১১টায় কলকাতায় একটি ক্যাফেতে ‘আবার বৈঠক’ নামে আরেকটি আয়োজন হবে। গানশালা কলকাতার এই আয়োজনে গান করবেন সভ্যতা, লিমন আর মুন। এখানে সূত্রধর হিসেবে থাকবেন এনামুল করিম নির্ঝর।