দুই বাংলার শিল্পীদের কণ্ঠে নজরুলের গান
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান শোনাবেন দুই বাংলার শিল্পীরা। কবির গানের সঙ্গে নাচ করবেন নৃত্যশিল্পীরা, কবিতা আবৃত্তি করবেন বাচিকশিল্পীরা। জাতীয় কবির সৃজনকর্মের চর্চাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে ঢাকায় শুরু হয়েছে দুই দিনের নজরুল উৎসব।
গতকাল শুক্রবার নজরুল উৎসব উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিকেলে গুলশান লেক পার্কে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা ও কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল। তিনি বলেন, ‘জাতীয় কবিকে আমরা জাতীয়ভাবেই মূল্যায়ন করতে চাই। এ উৎসবের মাধ্যমে একই সঙ্গে নজরুলের গান ও জীবনদর্শন সারা দেশে ছড়িয়ে দিতে চাই, তৃণমূলে ছড়িয়ে দিতে চাই নজরুলচর্চা। নতুন প্রজন্মের নজরুলসংগীতশিল্পীদের জন্য আমরা একটি প্ল্যাটফর্ম গড়ার চেষ্টা করেছি।’
শুরুতেই শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘দাও শৌর্য দাও ধৈর্য হে উদারনাথ’ গানে ছিল সমবেত নৃত্য। খিলখিল কাজী গেয়ে শোনান ‘তোমার এ চোখ ইশারায়’। নজরুলের ‘আমার কৈফিয়ত’ থেকে আবৃত্তি করেন অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর। নজরুলের গান শুনিয়েছেন ইয়াসমিন মুশতারী, শাহীন সামাদ, সালাউদ্দিন আহমেদ; ভারতের জয়তী চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য। এ ছাড়া গান করেন তমা সরকার, তাহরিমা বতুল, সুদীপ্ত দাশ, বর্ণালী সরকার, যাবিন তাসনিম, লুবাবা ইসলাম, সুমন মজুমদার, সুপ্তিকা মণ্ডল, নওশিন অমি, উর্মিরা ভৌমিক, প্রমিতা দে, দেবাশীষ অন্তরা শরীফ, জয়িতা বিশ্বাস, অর্পিতা দে, তমালিকা হালদার, অনামিকা সরকার, মিরাজুল জান্নাত, ঐশ্বর্য সমদ্দার, সানজিদা বীথিকা, রেজাউল করিম, সাওদা সাইরা, সালেক হোসেন প্রমুখ। সম্মেলক ‘তোরা সব জয়ধ্বনি কর’ গানে নৃত্য পরিবেশন করেন সামিনা হোসেন, আবৃত্তি করেন সুমনা বিশ্বাস।
আজ শনিবার উৎসবের দ্বিতীয় ও শেষ দিন। সন্ধ্যা ৬টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত। গান শোনাবেন বাংলাদেশের ইয়াকুব আলী খান, খায়রুল আনাম শাকিল, ফেরদৌস আরা, নাশিদ কামাল; ভারতের শ্রীকান্ত আচার্য্য ও সুস্মিতা গোস্বামী। গুলশান সোসাইটির সহযোগিতায় উৎসবে পৃষ্ঠপোষকতা করেছে এইচএসবিসি ব্যাংক। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নজরুলচর্চা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রয়াসে যৌথভাবে এ উৎসবের আয়োজন করছে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা, অরুণরঞ্জণী ও গুলশান সোসাইটি।